অভিযোগপত্র গ্রহণ গ্রেপ্তার পাঁচজনের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার আলোচিত চার শিশু হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত এটি আমলে নেন। এ ছাড়া গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, চার শিশু হত্যা মামলায় গত ৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশ। এর আগে গ্রেপ্তার হওয়া আসামিরা জেলা জজ আদালতে জামিনের আবেদন করেন। এর মধ্যে এক আসামি নিজেকে অপ্রাপ্তবয়স্ক দাবি করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের দাবি জানান। এটিসহ অন্য কিছু কারণে গত তিন মাসে অভিযোগপত্রের ওপর শুনানি হয়নি। তবে গতকাল পুনর্নির্ধারিত দিনে এ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে অভিযোগপত্র আমলে নেন বিচারক কিরণ শঙ্কর হাওলাদার।
এর পাশাপাশি বিচারক গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে পলাতক আসামি বিল্লাল মিয়া, উস্তার মিয়া ও বাবুল মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয় আগামী ২৫ জুলাই।
এ মামলায় পুলিশ মোট নয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে বলা হয়, গ্রাম্য কোন্দলকে ঘিরে গ্রামের দুটি পক্ষের বিরোধ চলছিল। এ বিরোধ থেকে ওই শিশুদের হত্যা করা হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েত নেতা আবদুল আলী, জুয়েল মিয়া, হাবিবুর রহমান ওরফে আরজু, রুবেল মিয়া, ছায়েদ আলী, বিল্লাল মিয়া, উস্তারমিয়া ও বাবুল মিয়া। এঁদের মধ্যে বিল্লাল, উস্তার ও বাবুল পলাতক। বাচ্চু মিয়া নামে আরেক আসামি র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
গত ১২ ফেব্রুয়ারি বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি বাহুবল থানায় কারও নাম উল্লেখ ছাড়া একটি মামলা করা হয়। এর পরের দিন ১৭ ফেব্রুয়ারি ওই চার শিশুর অর্ধগলিত লাশ বালুচাপা অবস্থায় পাওয়া যায়।