অভিযোগপত্র গ্রহণ, ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় সরকারি চার কর্মকর্তাকে আসামি করার অনুমতি না মিললেও অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। গতকাল সোমবার এ মামলায় ওই চার কর্মকর্তাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।
আগামী ২৭ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়েছে। ঢাকার বিচারিক হাকিম মোহাম্মদ আল-আমীন এ আদেশ দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির প্রথম আলোকে বলেন, এ মামলায় সরকারি চার কর্মকর্তাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর আদালত থেকে হত্যা মামলায় শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. ইউসুফ আলী, শহিদুল ইসলাম, এম এ জামসেদুর রহমান ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা আওলাদ হোসেনকে আসামি করার বিষয়ে সরকারের অনুমতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে পাঠানো হয়। তবে মন্ত্রণালয় থেকে কোনো অনুমোদন পাঠানো হয়নি। সুষ্ঠু বিচারের স্বার্থে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।
এক প্রশ্নের জবাবে আইনজীবী আনোয়ারুল কবির বলেন, সরকারি কর্মকর্তাদের ব্যাপারে অনুমোদনের বিষয়টি এখন বিচারিক আদালত দেখবেন। যেহেতু তাঁদের নামে অভিযোগপত্র এসেছে, তাই তা গ্রহণ করতে আদালতের কোনো বাধা নেই।
ইউসুফ আলী ও শহিদুল ইসলাম শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের উপপ্রধান পরিদর্শক, জামসেদুর রহমান ঢাকা বিভাগীয় কলকারখানা ও প্রতিষ্ঠান দপ্তরের যুগ্ম শ্রম পরিচালক এবং আওলাদ হোসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ইমারত পরিদর্শক।
আদালত সূত্র বলেছে, চলতি বছরের ১ জুন রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলা ও ইমারত নির্মাণ আইনে করা মামলায় ওই ভবনের কর্ণধার সোহেল রানাসহ মোট ৪২ জনকে আসামি করে পৃথক অভিযোগপত্র দেয় সিআইডি। এর মধ্যে হত্যা মামলায় ৪১ জনকে ও ইমারত নির্মাণ আইনের মামলায় ১৮ জনকে আসামি করা হয়। এ হিসাবে দুই মামলার আসামি ৫৯ জন। কিন্তু তাঁদের মধ্যে ১৭ জনের নাম উভয় মামলার অভিযোগপত্রে থাকায় ব্যক্তি হিসেবে আসামি ৪২ জন। ইমারত আইনের মামলায় অভিযোগপত্রভুক্ত সরকারি কর্মকর্তা বেলায়েত হোসেন টঙ্গীর শ্রম মন্ত্রণালয়ের প্রশিক্ষণকেন্দ্র (আইআরআই) প্রকল্পের পরিচালক ছিলেন। তিনি অবসরে যাওয়ায় তাঁর বিষয়ে অনুমতি চাননি আদালত।
হত্যা মামলায় ২৪ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গতকাল অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গতকাল যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, তাঁদের মধ্যে রয়েছেন সাভার পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, পৌর নগর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপপ্রধান পরিদর্শক আবদুস সামাদ, উপপ্রধান পরিদর্শক (সাধারণ, ঢাকা বিভাগ) মো. জামশেদুর রহমান, বেলায়েত হোসেন, পরিদর্শক ইউসুফ আলী, পরিদর্শক শহিদুল ইসলাম, রাজউকের আওলাদ হোসেন, ঠিকাদার নান্টু, ইতার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌস, আমিনুল ইসলাম, তসলিম, আবদুল মজিদ, শফিকুল ইসলাম ভূঁইয়া, মনোয়ার হোসেন বিপ্লব, আতাউর রহমান, মো. আবদুস সালাম, বিদ্যুৎ মিয়া, সৈয়দ শফিকুল ইসলাম জনি, রেজাউল ইসলাম, মো. আবদুল হামিদ ও নয়ন মিয়া।
এ মামলার বাকি ১৭ জনের মধ্যে সোহেল রানা কারাগারে আছেন। অন্যরা জামিনে আছেন। তাঁদের মধ্যে রয়েছেন সোহেল রানার বাবা আবদুল খালেক, মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার তৎকালীন মেয়র রেফাত উল্লাহ, কাউন্সিলর মোহাম্মদ আলী খান।
চলতি বছরের ৮ জুলাই একই ঘটনায় করা ইমারত আইনের মামলার অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। ওই দিনই হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত সরকারি চার কর্মকর্তাকে আসামি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়লে ১ হাজার ১৩৪ জন প্রাণ হারান। তাঁদের অধিকাংশই ছিলেন পোশাকশ্রমিক। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার মানুষ। এ ঘটনায় ওই বছরের ২৫ এপ্রিল সাভার থানায় দুটি মামলা করা হয়। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর এ দুই মামলায় ১২ জন সরকারি কর্মকর্তা, পোশাক কারখানার মালিকসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ওই ১২ সরকারি কর্মকর্তার মধ্যে পাঁচজনের বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া যায়নি।
হত্যা মামলায় ৫৯৪ জন ও ইমারত আইনের মামলায় ১৩৫ জনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়েছে।
সিআইডির তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছিলেন, এ দুই মামলায় এজাহারে সাভারের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর উদ্দিন সরদারের নাম এলেও সরকারের অনুমোদন না পাওয়ায় অভিযোগপত্রে তাঁর নাম যুক্ত করা হয়নি। তবে অনুমোদন না পেলেও সরকারি পাঁচ কর্মকর্তাকে অভিযোগপত্রভুক্ত করে সিআইডি।
নিয়মানুযায়ী, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার জন্য অনুমতি নিতে হয়। অভিযোগপত্র দেওয়ার আগে সিআইডি শ্রম মন্ত্রণালয়ের কাছে ওই অনুমতি চেয়ে পায়নি। অথচ শ্রম মন্ত্রণালয়ের নিজস্ব তদন্তেই আটজন কর্মকর্তাকে দায়ী করা হয়েছিল।