অভিযোগপত্র গ্রহণের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে অর্থায়ন ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার অভিযোগে করা দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাসহ আসামিদের বিরুদ্ধে র‍্যাবের দেওয়া অভিযোগপত্র গ্রহণের শুনানি পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে সন্ত্রাসবিরোধী আইনে করা হাটহাজারী ও বাঁশখালী থানার দুই মামলায় অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু বিচারক না থাকায় শুনানি হয়নি।

চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, হাটহাজারী ও বাঁশখালী থানার দুই মামলায় অভিযোগপত্র গ্রহণের শুনানি আগামী ১৭ নভেম্বর হতে পারে।

২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারীতে অভিযান চালিয়ে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন র‍্যাব-৭-এর সহকারী পরিচালক মাহফুজুর রহমান বাদী হয়ে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এর দুই দিন পর বাঁশখালীর লটমণি পাহাড়ে ‘জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র’ থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব। এ ঘটনায়ও বাঁশখালী থানায় অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করে র‍্যাব। এর প্রায় দেড় মাস পর ১৩ এপ্রিল চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব-৭ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, হাটহাজারী থেকে গ্রেপ্তার ও লটমণি পাহাড়ে প্রশিক্ষণ নেওয়া জঙ্গিরা চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডের’ সদস্য।

তদন্তের একপর্যায়ে গত বছরের ১৮ আগস্ট হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে। শাকিলা বিএনপির নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক।

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা দুটি তদন্ত শেষে র‍্যাব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন গত ২১ মার্চ বাঁশখালী থানার মামলায় শাকিলাসহ ২৮ জনের বিরুদ্ধে বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এবং ৩ এপ্রিল হাটহাজারী থানায় করা মামলায় শাকিলাসহ ৩৩ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেন।

পুলিশ জানায়, দুই মামলার আসামিদের মধ্যে শাকিলা ফারজানা, মাহফুজ চৌধুরী, হাছানুজ্জামান ও এনামুল হক জামিনে রয়েছেন। বাকিরা কারাগারে।