চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এনামুল হককে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে পুড়িয়ে হত্যা মামলার অভিযোগপত্র থেকে ১৬ জন আসামির নাম বাদ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারি কৌঁসুলির (পিপি) মতামত নেওয়া হয়নি বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা অভিযোগ করেন, ট্যাবলেট সুমন ও লালচান নামের দুই আসামি ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম বলে। তাঁদের মধ্য থেকে আবুল কালাম ও ইসমাইল নামের দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। মোটা অঙ্কে অর্থের বিনিময়ে এ দুই আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আবদুর রাজ্জাক এ অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, মামলার এজাহারে সুনির্দিষ্টভাবে কোনো আসামির নাম ছিল না। সন্দেহভাজন হিসেবে জেলা বিএনপির সভাপতি ও শিবগঞ্জ আসনের সাবেক সাংসদ শাহজাহান মিঞাসহ ৩৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ট্যাবলেট সুমন ও লালচানের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কয়েকজন আসামির পূর্ণাঙ্গ বিবরণ ছিল না। তদন্তে তাদের খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সরকারি কৌঁসুলি (পিপি) জবদুল হক জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম ‘খ’ অঞ্চলের আদালতে এনামুল হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত রোববার ছিল আদালতে হাজিরার দিন। আগামী ৪ আগস্ট অভিযোগপত্র গ্রহণের জন্য শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিনে মামলার বাদীর জবানবন্দি নেওয়া হবে। রাষ্ট্রপক্ষ থেকে এ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দাখিল করা হবে। অভিযোগপত্র দাখিলে পিপির মতামত নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে তা মানা হয়নি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ ডিসেম্বর বিএনপির ক্যাডার, বোমাবাজ, সন্ত্রাসী সালাউদ্দীনকে শিবগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে র্যাব। এ গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপিসহ ১৮ দলের সন্ত্রাসীরা সন্ধ্যায় শিবগঞ্জ বাজারে এনামুলের দোকান শারমিন হার্ডওয়্যারের সামনে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে দোকানের কর্মচারীসহ আশপাশের মানুষ ভয়ে পালিয়ে যায়। সন্ত্রাসীরা দোকানের কাঠের পাল্লা বন্ধ করে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানের মধ্যে থাকা এনামুল দগ্ধ হয়ে মারা যান। ঘটনার তিন দিন পর উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী মামলা করেন। এজাহারভুক্ত ১৪ জনের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে।