অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাকিব হত্যা
রাকিব হত্যা

খুলনার আলোচিত শিশু শ্রমিক রাকিব হত্যা মামলায় গতকাল মঙ্গলবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এতে তিনজনকে অভিযুক্ত ও ৪০ জনকে সাক্ষী করা হয়েছে।
খুলনা মহানগর হাকিম আদালতে গতকাল দুপুরে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহম্মদ। অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আগামী ৬ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা রয়েছে।
তদন্তকারী কর্মকর্তা কাজী মোস্তাক প্রথম আলোকে জানান, অভিযুক্ত তিনজন হলেন শরীফ মোটরসের মালিক মো. শরীফ, তাঁর সহযোগী মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগম। ইতিমধ্যে তিনজনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাকিবকে (১২) মজুরি কম দেওয়া হতো। এ জন্য সে অন্য একটি গ্যারেজে কাজ নেওয়ায় ক্ষিপ্ত হয়ে নির্যাতন করে তাকে হত্যা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে এতে বলা হয়, বাতাসের চাপে রাকিবের ফুসফুস চুপসে যায়। তার মলদ্বার থেকে গলা পর্যন্ত রক্ত ছড়িয়ে পড়ে। এ ছাড়া অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। যে কমপ্রেসর মেশিন দিয়ে রাকিবের পেটে হাওয়া ঢোকানো হয়েছিল, সেটি, পরনের কাপড়, স্যান্ডেল এবং যে রঙের কৌটা কিনতে গিয়ে রাকিব ঘটনার শিকার হয়, সেটি অভিযোগপত্রের সঙ্গে আদালতে দাখিল করা হয়েছে।
অভিযোগপত্র দাখিলের আগে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি। এ সময় রাকিবের মা-বাবা ও বোন উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাকিবের মা-বাবার কাছে ২৫ হাজার টাকার একটি চেক তুলে দেন। তিনি বলেন, ‘রাকিবকে যেভাবে হত্যা করা হয়েছে, এত নির্মমভাবে বিশ্বের আর কোথাও কাউকে মেরে ফেলা হয়েছে বলে আমার জানা নেই। এটিকে স্পর্শকাতর মামলা হিসেবে শুরু থেকেই পর্যবেক্ষণ করা হয়। মনিটরিং কমিটির সদস্যরা এবং আমি নিজে সার্বক্ষণিক মামলার তদন্ত কার্যক্রম পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা দিয়েছি। রাকিবকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারব না, তবে তার হত্যাকারীরা দৃষ্টান্তমূলক সাজা পাবে।’
৩ আগস্ট মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কমপ্রেসর মেশিনের পাইপ রাকিবের পায়ুপথে ঢুকিয়ে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নগরের টুটপাড়ার মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটরসের মালিক শরীফ, তাঁর সহযোগী মিন্টু ও শরীফের মা বিউটি বেগমকে ক্ষুব্ধ জনতা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার পরদিন ওই তিনজনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা হয়।