অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কোর্ট পয়েন্টে দুই বছর আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট বিভাগীয় সমাবেশে হামলা চালায় ছাত্রলীগ। ওই ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র অনেকটা গোপনে পুলিশ দাখিল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সমাবেশে হামলার ঘটনার দুই বছর পূর্ণ হচ্ছে আজ ১৫ সেপ্টেম্বর। এ ঘটনায় দায়ের করা মামলার খোঁজ নিতে গিয়ে গতকাল সোমবার সিপিবি-বাসদের নেতা-কর্মীরা অভিযোগপত্র দাখিলের বিষয়ে জানতে পারেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মামলার তদন্ত করে গত বছরের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র আদালতে গৃহীত হয় ওই বছরের ৮ ডিসেম্বর। এতে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি হিরন মাহমুদসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আদালতে এই মামলার পরবর্তী তারিখ আগামী ১২ অক্টোবর।
গতকাল নথি ঘেঁটে এ তথ্য সম্পর্কে জানার পর জেলা সিপিবির সাধারণ সম্পাদক ও আইনজীবী আনোয়ার হোসেন বলেন, ‘পুলিশ বাদী হয়ে মামলা করায় শুরু থেকেই আমাদের আপত্তি ছিল। এ কারণে হয়তো অনেকটা গোপনে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আমরা জানলে অবশ্যই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দিতাম।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ইমরোজ তারেক সিলেট থেকে বদলি হয়ে গেছেন। গতকাল মুঠোফোনে তাঁর কাছে মামলার অভিযোগপত্র গোপনে দাখিল করার কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট নগরের কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশ মঞ্চে উঠে তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি হিরন মাহমুদসহ কয়েকজন সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে লাঞ্ছিত করেন। সমাবেশ মঞ্চে থাকা অন্য নেতা-কর্মীরা মানববর্ম বানিয়ে মুজাহিদুল ইসলাম সেলিমকে হামলা থেকে রক্ষা করেন। এ সময় বিক্ষিপ্ত সংঘর্ষে সিপিবি-বাসদ, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের ১৭ নেতা-কর্মী আহত হন।
এ ঘটনায় ওই দিন রাতেই জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরদিন সিলেটে হরতাল পালিত হয়। হামলার অভিযোগে হিরন মাহমুদসহ ছাত্রলীগের আরও চারজন কর্মীর নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করে। এর বাদী ছিলেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন। মামলা তদন্তের দায়িত্বে ছিলেন থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) নারায়ণ দত্ত।
পুলিশ সূত্র জানায়, বাদী ও তদন্তকারী কর্মকর্তা বদলি হয়ে অন্যত্র গেলে মামলার তদন্ত সম্পন্ন করেন এসআই ইমরোজ তারেক। গত বছরের ২১ নভেম্বর তিনি সিলেটের মুখ্য হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ছাত্রলীগের তৎকালীন জেলা সভাপতি হিরন মাহমুদসহ চারজনকে অভিযুক্ত করা হয়। অব্যাহতি দেওয়া হয়েছে একজনকে। অভিযুক্ত অন্য তিনজন হলেন ছাত্রলীগের কর্মী জুবায়ের আহমদ, গুলজার আহমদ ও ফুয়াদ আল-আমিন। অভিযোগপত্রে হিরন ও জুবায়েরকে পলাতক দেখিয়ে ওই বছরের ৮ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর মধ্যে গুলজার ও ফুয়াদ আদালতে আত্মসমর্পণ করে জেল খেটে বর্তমানে জামিনে আছেন।