অভিযোগপত্র দাখিল, বাবার প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিউল হত্যাকাণ্ড
রবিউল হত্যাকাণ্ড

বরগুনার তালতলী উপজেলায় শিশু রবিউল আউয়াল (১১) হত্যা মামলার প্রধান আসামি মিরাজ হোসেনকে অভিযুক্ত করে গতকাল রোববার আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তবে মিরাজকে একমাত্র আসামি করে তাঁর বাবা, মা ও ভাইকে বাদ দেওয়ায় এই অভিযোগপত্র প্রত্যাখ্যান করেছেন রবিউলের বাবা দুলাল মৃধা।
নাম গোপন রাখার শর্তে আমতলী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এক কর্মকর্তা জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার গতকাল বেলা দেড়টার দিকে আমতলী জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজন্ত বিশ্বাসের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দণ্ডবিধির ৩০২ (হত্যা) ও ২০১ (লাশ গুমের চেষ্টা) ধারা সংযোজন করে মিরাজকে একমাত্র আসামি করে ওই অভিযোগপত্র দেওয়া হয়।
ওসি বাবুল আকতার অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। এতে কয়জনকে আসামি করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘সাক্ষ্য-প্রমাণে যা পাওয়া গেছে, তা-ই অভিযোগপত্র আকারে আদালতে জমা দেওয়া হয়েছে। যেহেতু এটা আদালতের বিচার্য বিষয়, তাই এ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারব না।’
রবিউলের বাবা দুলাল মৃধা গতকাল প্রথম আলোকে বলেন, অভিযোগপত্র দেওয়ার আগে পুলিশ তাঁকে কিছু জানায়নি। শনিবার বিকেলে ওসি বাবুল আকতার তাঁদের (দুলাল) এলাকায় গিয়ে কয়েকজনের কাছ থেকে সাক্ষ্য নেন। সেখানে তাঁকে (দুলাল) ডাকা হয়নি। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে দেখেন, কয়েকজনের কাছ থেকে ওসি কাগজে সই নিচ্ছেন। এরপর গতকাল আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে—এমন একটা কাগজ থানা থেকে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। দুলাল বলেন, তিনি শিগগিরই এই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করবেন।
রবিউলের বাবার আরেকটি মামলা: গত বৃহস্পতিবার দুলাল মৃধা বাদী হয়ে মিরাজ, তাঁর বাবা, মা ও ভাইকে আসামি করে আমতলী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নতুন করে একটি হত্যা মামলা করেছেন। আদালতের বিচারক শুনানি শেষে কাল মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছেন।
মামলার আরজিতে দুলাল অভিযোগ করেন, রবিউল হত্যায় ৫ আগস্ট তালতলী থানায় যে মামলা হয়, সেই এজাহারে ওসি কিছু অবাঞ্ছিত বিষয় সংযুক্ত করেছেন। তিনি (দুলাল) এজাহারে কয়েকজন আসামির নাম উল্লেখ করার কথা বললেও ওসি শুধু মিরাজের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দু-তিনজনের কথা লিখেছেন। এ কারণে অন্য আসামিরা পার পেয়ে যাচ্ছেন। তিনি লেখাপড়া জানেন না, তাই ওসির কথামতো শুধু সই দিয়েছেন।
দুলাল অভিযোগ করেন, অন্য আসামিদের আড়াল করতেই ওসি তড়িঘড়ি করে আসামি মিরাজকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ান। এই জবানবন্দিও ছিল পুলিশের শেখানো।
বরগুনা জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সদস্য মোস্তফা কাদের গতকাল প্রথম আলোকে বলেন, ‘মামলার এজাহার, তদন্ত, আসামির স্বীকারোক্তি আদায়, তদন্ত প্রতিবেদন দাখিল—সব ক্ষেত্রেই পুলিশ তাড়াহুড়ার আশ্রয় নিয়েছে। তদন্ত কর্মকর্তার উচিত ছিল শুরু থেকে রবিউলের বাবার বক্তব্য আমলে নিয়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা। এটা না করায় মামলাটির ভিত দুর্বল হয়ে যেতে পারে।’
তালতলীর ছোট আমখোলা গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্র রবিউল ৩ আগস্ট নিখোঁজ হয়। পরদিন তার লাশ পাওয়া যায়। আসামি মিরাজ আদালতে স্বীকার করেন, মাছ চুরি করার সন্দেহে রবিউলকে পিটিয়ে হত্যা করেন তিনি।