অভিযোগপত্র দিতে পুলিশের গড়িমসি

বণিক বার্তার সহকারী বিজ্ঞাপন ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের লাশ উদ্ধারের পরদিন গত ১৯ সেপ্টেম্বর মূল আসামি ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অন্য তিন আসামি রায়হান সারোয়ার, নাজমুল হাসান ও ফাহিম হাসানের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারপরও এই হত্যা মামলার অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল জলিল প্রথম আলোকে বলেন, চার আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে। তবে ফয়সাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও অন্য তিন আসামি ভিন্ন রকম তথ্য দিচ্ছেন। এ কারণে তদন্তের গভীরে যেতে পারছে না পুলিশ। তবে খুব অল্প দিনের মধ্যে এ মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে তিনি জানান।
গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর খিলক্ষেত নামাপাড়ার পাঁচতলার একটি মেসে স্যুটকেসের ভেতরে জাহাঙ্গীরের লাশ পাওয়া যায়। এ ঘটনায় জাহাঙ্গীরের দূর সম্পর্কের খালাতো ভাই ফয়সালসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যবসায়িক লেনদেনের কারণে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে ফয়সাল, রায়হান, নাজমুল ও ফাহিমকে আসামি করে খিলক্ষেত থানায় হত্যা মামলা করেন জাহাঙ্গীরের স্ত্রী রোকসানা পারভীন। চার আসামির মধ্যে ফাহিম খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নাজমুল একই জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন। বাবা-মায়ের চাকরির কারণে খাগড়াছড়ি জেলায় শৈশব কেটেছিল ফয়সালের। সেই সুবাদে এঁদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল।
জাহাঙ্গীর হত্যার কয়েক দিন পর পারিবারিক সংকটে পড়ে তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার ভাড়া বাসা ছেড়ে মেহেরপুর জেলায় গ্রামের বাড়ি চলে যান তাঁর স্ত্রী রোকসানা পারভীন। প্রথম আলোকে তিনি বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফয়সাল। অন্য আসামিরাও পুলিশের কাছে জড়িত থাকার কথা স্বীকার করেন। এসব নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিলকে প্রায় প্রতিদিন ফোন করছি। কিন্তু তিনি এখনো অভিযোগপত্র দিচ্ছেন না। কবে দেবেন, তা-ও ঠিক করে বলতে পারছেন না।’
রোকসানা বলেন, নিম্ন আদালতে প্রতি মাসে তিনবার করে জামিনের চেষ্টা করছেন আসামিরা। তাঁদের পেছনে বড় বড় আইনজীবীও আছেন। এখন তাঁরা উচ্চ আদালতে জামিনের আবেদন করেছেন। এঁরা জামিনে বেরিয়ে এলে তিনি নতুন করে বিপদে পড়বেন বলে আশঙ্কা করেন।