অভিযোগপত্র দিল দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সোনা চোরাচালানের একটি মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের চট্টগ্রামের সহকারী পরিচালক এইচ এম আক্তারুজ্জামান গত বুধবার বিকেলে আদালতের সংশ্লিষ্ট শাখায় অভিযোগপত্র জমা দেন। আগামী রোববার অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হবে।
দুদকের চট্টগ্রামের কোর্ট পরিদর্শক এমরান হোসেন প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রে সাতজনকে আসামি করা হয়েছে। সাক্ষী রাখা হয়েছে ১২ জনকে। আসামিরা হলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপকের তৎকালীন ব্যক্তিগত সহকারী মোমেন মোকসেদ, কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আনিসুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ট্রাফিক হেলপার কে এম নুরুদ্দীন, আনসার সদস্য মো. মাহফুজার রহমান, মো. শাহীন মিয়া ও মো. ইলিয়াছ উদ্দিন এবং চট্টগ্রামের বোয়ালখালীর বাসিন্দা মো. আলাউদ্দিন চৌধুরী। আসামিদের মধ্যে প্রথম ছয়জন ঘটনার সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।
দুদক সূত্র জানায়, ২০১৩ সালের ১ নভেম্বর বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী গ্রামের আলাউদ্দিন চৌধুরী একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সেদিন তিনি সঙ্গে থাকা দুটি লাগেজ বিমানবন্দরে ফেলে যান। পরদিন বিমানবন্দরের সংশ্লিষ্ট শাখায় এসে লাগেজ দুটি ছাড়িয়ে নেন আলাউদ্দিন। ওই সময় বিমানবন্দরে লাগেজ দুটি স্ক্যান করে ২৫টি সোনার বার পাওয়া যায়। ওই ঘটনায় সেদিন কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো মামলাও হয়নি।
দুদক সূত্র জানায়, বিষয়টি জানাজানি হওয়ার পর দুদক অনুসন্ধান শুরু করে। পরের বছরের ৩১ ডিসেম্বর মোমেন মোকসেদ, আনিসুর রহমান ও আলাউদ্দিনকে আসামি করে পতেঙ্গা থানায় চোরাচালান আইনে মামলা করে দুদক। দুই বছর তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের চট্টগ্রামের সহকারী পরিচালক এইচ এম আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, সোনা চোরাচালানের ওই ঘটনার সঙ্গে সাতজনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাই তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তিনি বলেন, সোনার বারগুলো বিদেশ থেকে বহন করে নিয়ে আসা আলাউদ্দিনকে ধরতে না পারায় সোনাগুলো বিদেশ থেকে কে পাঠিয়েছে, তা জানা যায়নি। এ ছাড়া চেষ্টা করেও সাত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।