ফেনীতে অস্ত্রসহ গ্রেপ্তার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার সন্ধ্যায় ফেনীর বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন ঢাকা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।
গত ৬ জুন সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী পৌর এলাকার লালপুল নামক স্থানে তিনটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ ২৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে র্যাব। তাঁরা সবাই সোনাগাজী থেকে মাইক্রোবাসযোগে ফেনী ফিরছিলেন।
এজাহারে উল্লেখ করা হয়, আসামিদের কাছ থেকে পাঁচটি পিস্তল, পাঁচটি শটগান, একটি দোনলা বন্দুক, চারটি এলজি, ১৬টি রামদা, দুটি চায়নিজ কুড়াল, একটি চাপাতি, একটি চাকু, ১৩টি পিস্তলের গুলি, ১২০টি এলজির গুলি উদ্ধার করা হয়।
আসামিদের মধ্যে ফুলগাজী উপজেলা যুবলীগের সভাপতি সালেহ্ আহমেদ, ফুলগাজী সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিনও রয়েছেন।
ফেনী আদালতের (জিআরও) মো. আমির হোসেন বলেন, অভিযোগপত্র আজ মঙ্গলবার আদালতে উপস্থাপন করা হবে। ২৬ আসামির মধ্যে ১৪ জন বর্তমানে কাশিমপুর এবং ১২ জন ফেনী জেলা কারাগারে রয়েছেন।