অভিযোগপত্র প্রত্যাখ্যান

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র প্রত্যাখ্যান করেছেন নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। একই সঙ্গে মামলার পুনঃ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। তাঁরা ওই মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র দেওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডলকে প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাকে বুকস গার্ডেনের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান এবং তাঁর মেয়ে ও নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন নিহত তাজুলের মা তাসলিমা বেগম, নিহত মনিরুজ্জামান স্বপনের ছোট ভাই মিজানুর রহমান, নিহত লিটনের বড় ভাই রফিকুল ইসলাম প্রমুখ।
আইনজীবীর সঙ্গে পরামর্শ করে দাখিল করা অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেবেন বলে জানান সেলিনা ইসলাম।
সাত খুনের ঘটনার প্রায় এক বছর পর মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ গত বুধবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে ওই ঘটনার দুই মামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ২৫ জন সদস্যসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে। তবে মামলার এজাহারভুক্ত আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিঞা, হাসমত আলী, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন ও ইকবাল হোসেনকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম অভিযোগ করেন, আলোচিত এ মামলায় জিজ্ঞাসাবাদ না করেই এজাহারভুক্ত পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এ বিষয়ে তাঁদের (নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য) কারও সঙ্গে কথাও বলেননি।
শহীদুল ইসলাম মনে করেন, হত্যাকাণ্ডের সঙ্গে অব্যাহতি দেওয়া ওই পাঁচজনের সম্পৃক্ততা রয়েছে। তাই তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদকে প্রত্যাহার করে মামলাটি পুনঃ তদন্তের দাবি জানান তিনি। শহীদুল ইসলাম বলেন, প্রয়োজনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়ে মামলাটি পুনঃ তদন্ত করতে হবে।’
সংবাদ সম্মেলনে মামলার বাদী নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বলেন, মামলা থেকে অব্যাহতি পাওয়া পাঁচ আসামি হত্যাকাণ্ডের ১৫ দিন আগে সিদ্ধিরগঞ্জের একটি রাস্তা সম্প্রসারণ নিয়ে বিরোধের জের ধরে তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন। অথচ তদন্ত কর্মকর্তা তাঁদের জিজ্ঞাসাবাদ বা রিমান্ডে না নিয়েই অভিযোগপত্র থেকে অব্যাহতি দিয়েছেন।
সেলিনা ইসলাম আরও বলেন, শুধু নূর হোসেনের পরিকল্পনায় এ হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়। অব্যাহতি পাওয়া আসামিরাও এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তিনি মনে করেন।
অভিযোগপত্রের বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলামের সঙ্গী নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘এজাহারভুক্ত পাঁচ আসামিকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। অভিযোগপত্রের অনুলিপি আদালত থেকে তোলার পর পরবর্তী সিদ্ধান্ত জানাব।’
নিহত লিটনের বড় ভাই রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অভিযোগপত্র অসম্পূর্ণ। অব্যাহতি পাওয়া ওই পাঁচ আসামির কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তারও করা হয়নি।’
নিহত মনিরুজ্জামান খানের ভাই মিজানুর রহমান খান জানান, নূর হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ছাড়াই অভিযোগপত্র দেওয়া হয়েছে। নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যেত এ হত্যা পরিকল্পনার সঙ্গে আর কারা জড়িত ছিল।
নূর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছেন নিহত গাড়িচালক জাহাঙ্গীরের স্ত্রী নূপুর।
অভিযোগপত্রের বিষয়ে নিহত আইনজীবী চন্দন সরকারের পরিবারের প্রতিক্রিয়া জানার জন্য গতকাল বিকেলে তাদের জালকুড়ির বাসায় গিয়ে পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি। চন্দন সরকারের স্ত্রী ঢাকায় আত্মীয়ের বাড়িতে রয়েছেন।
এজাহারভুক্ত পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ওই পাঁচজনের জড়িত থাকার কোনো কোনো তথ্য-প্রমাণ মেলেনি। এমনকি বাদীও কোনো সাক্ষ্য-প্রমাণ দিতে পারেননি। তাই মামলার বাদী যে দাবি করছেন, তা অযৌক্তিক। তিনি আরও বলেন, ‘নিরপেক্ষ, স্বচ্ছ ও নির্ভুল তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ মামলায় অযথা কাউকে জড়ানো হয়নি। আবার কাউকে বাদও দেওয়া হয়নি।’
অভিযোগপত্রের বিষয়ে অভিমত জানতে চাইলে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী বলেন, বাদী যাঁদের অভিযুক্ত মনে করেন, অভিযোগপত্রে তাঁদের নাম নেই। প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত অন্যদের নাম জানা যেত। প্রভাবশালী কেউ পেছন থেকে সহযোগিতা না করলে নূর হোসেনের একার পক্ষে এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হতো না।
গত বছরের ২৭ এপ্রিল দুপুরে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং ১ মে অপরজনের লাশ পাওয়া যায়। নিহত অপর পাঁচজন হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম।
এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় নূর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, হাসমত আলী, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন ও ইকবাল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল একই ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একই থানায় আরেকটি মামলা করেন।
এ ঘটনায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা ৭ খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৭ সদস্য এবং নূর হোসেনের পাঁচ সহযোগীসহ মোট ২২ জন আদালতে জবানবন্দি দেন।