ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসাসি জসিম উদ্দিন ওরফে নয়নকে (২৮) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এ হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, ফেনী শহরের বিরিঞ্চি এলাকা থেকে গতকাল দুপুরে জসিমকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমের পাঠানো হয় কারাগারে। জসিম বিরিঞ্চি গ্রামের আবদুল লতিফের ছেলে। তিনি একরাম হত্যার পর থেকে পলাতক ছিলেন।
গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক বাদী হয়ে বিগত উপজেলা নির্বাচনে একরামের মূল প্রতিদ্বন্দ্বী মাহতাব উদ্দিন আহমেদ চেীধুরী ওরফে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৩০-৩৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২৮ আগস্ট ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। কিন্তু আদালত এখনো ওই অভিযোগপত্র গ্রহণ করেননি।