
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় সরকারি যে চার কর্মকর্তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, তাঁদের দুজন গতকাল মঙ্গলবার অফিস করেছেন। অন্য দুজনের একজন ইতিমধ্যে অবসরে গেছেন।
ওই মামলায় সরকারের অনুমতি ছাড়া অভিযোগপত্রভুক্ত করা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতের আদেশ ও আইনানুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে গতকাল পর্যন্ত ওই চারজনের কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলায় সরকারি চার কর্মকর্তাকে আসামি করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমতি না দিলেও গত সোমবার তাঁরাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। আদালত পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। তাঁদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন দপ্তরের তিন কর্মকর্তা ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এক কর্মকর্তা রয়েছেন।
শ্রম মন্ত্রণালয়ের অধীন দপ্তরের তিন কর্মকর্তার মধ্যে মো. ইউসুফ আলী বর্তমানে মানিকগঞ্জে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপপ্রধান পরিদর্শক পদে ও শহিদুল ইসলাম একই পদে গাজীপুরে কর্মরত আছেন। টঙ্গীতে অবস্থিত ওই কার্যালয়ের নির্বাহী পরিদর্শক মো. শফিকুল ইসলাম প্রথম আলোর গাজীপুর প্রতিনিধিকে বলেন, শহিদুল ইসলাম সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস করেছেন।
আরেক সরকারি কর্মকর্তা এম এ জামসেদুর রহমান অবসরে গেছেন। তিনি ঢাকা বিভাগীয় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের যুগ্ম শ্রম পরিচালক ছিলেন।
অপরজন আওলাদ হোসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ইমারত পরিদর্শক। তিনি রাজউকের অঞ্চল-৪-এর ১-এ কর্মরত। রাজউকের একজন কর্মকর্তা বলেন, আওলাদ হোসেন গতকাল অফিসে এলেও বেশিক্ষণ থাকেননি।
জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার প্রথম আলোকে বলেন, তাঁদের অধীনস্থ যেসব কর্মকর্তার নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাঁদের বিষয়ে আদালতের আদেশ ও আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তাঁরা তদন্ত করে দেখেছেন, এ বিষয়ে ওই সব কর্মকর্তা জড়িত ছিলেন না। যে কারণে তাঁরা অভিযোগপত্রে অন্তর্ভুক্তির বিষয়ে অনুমোদন দেননি। কারণ, পুরোনো আইনানুযায়ী কলকারখানার লাইসেন্স দেওয়ার সময় ভবনের কাঠামো দেখার দায়িত্ব ওই সব কর্মকর্তার ছিল না। তবে নতুন আইনে তা অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিয়মানুযায়ী, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার জন্য অনুমতি নিতে হয়। আর আইনানুযায়ী ফৌজদারি মামলায় কোনো সরকারি কর্মকর্তার নামে আদালতে অভিযোগপত্র দিলে প্রথমে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়লে ১ হাজার ১৩৪ জন প্রাণ হারান। তাঁদের অধিকাংশই ছিলেন পোশাকশ্রমিক। আহত হন প্রায় দুই হাজার মানুষ। এ ঘটনায় ওই বছরের ২৫ এপ্রিল সাভার থানায় দুটি মামলা করা হয়। অপর মামলাটি হলো ইমারত নির্মাণ আইনে। গত ৮ জুলাই ওই মামলায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।