ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ডাকাতি ও হামলায় ব্যাংক কর্মকর্তাসহ আটজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল রোববার আদালতে দাখিল করা অভিযোগপত্রে ১১ জনকে আসামি করা হয়েছে। তাঁদের সবাই জঙ্গি সংগঠনের সদস্য।
আশুলিয়া থানার পুলিশ জানায়, আব্দুল্লাহ আল বাকীর নেতৃত্বে গত ২১ এপ্রিল বোরহান উদ্দিন, আল-আমিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, জসিম উদ্দিন, আবদুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, মাহফুজুল হক, পলাশ, শাহজাহান জমাদার ও আসিফ হোসেন কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ডাকাতির চেষ্টাকালে হামলা চালান। এর মধ্যে আসিফ ঘটনাস্থলে গণপিটুনিতে নিহত হন। আর ঘটনার মূল পরিকল্পনাকারী আবদুল্লাহ আল বাকী সম্প্রতি ঢাকার গাবতলীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এই দুজনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্রে আসামি করা হয়েছে বাকি ১১ জনকে। এর মধ্যে দুজনকে ঘটনাস্থল থেকে এবং আটজনকে পরবর্তী সময়ে গ্রেপ্তার করা হয়। একজন পলাতক।
মামলাটি তদন্ত করেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা। দীর্ঘ আট মাস তদন্তের পর গতকাল ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে দুটি অভিযোগপত্র দাখিল করেন তিনি। অভিযোগপত্রে আসামিদের খুনসহ ডাকাতি ও বিস্ফোরক দ্রব্য আইনে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন আব্দুল্লাহ আল বাকী। তিনি একসময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন। মতপার্থক্যের কারণে তিনি জেএমবি থেকে বের হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের আদলে আরেকটি জঙ্গি সংগঠন গঠন করেন। আস্তানা গাড়েন গাজীপুরের টঙ্গী এলাকায়। এরপর দল সংগঠিত করতে অর্থ সংগ্রহে নামেন। প্রথমেই তাঁরা গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিকাশের প্রায় সাত লাখ টাকা ছিনতাই করেন। এ সময় তাঁদের হামলায় এক বিকাশকর্মী নিহত হন। ওই টাকায় অস্ত্র সংগ্রহ করে তাঁরা কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় হামলা চালিয়ে টাকা লুটের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত ২১ এপ্রিল ওই শাখায় তাঁরা হামলা চালিয়ে আটজনকে হত্যা করেন।
তদন্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া মাহফুজুল হক তাঁর জবানবন্দিতে ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেন। তিনি ছিলেন ব্যাংকে ডাকাতিচেষ্টার ঘটনায় দ্বিতীয় পরিকল্পনাকারী।
গত ১১ এপ্রিল ডাকাতির সময় হামলায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. ওয়ালীউল্লাহ, গানম্যান কাজী বদরুল আলম, নিরাপত্তারক্ষী মো. ইব্রাহিম মণ্ডল, ব্যাংকের গ্রাহক মো. শাহাবুদ্দিন মোল্লা ও নূর মোহাম্মদ এবং স্থানীয় ব্যবসায়ী মো. মনিরুজ্জামান ও মো. জমির আলী এবং অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো. আইয়ুব আলী নিহত হন।