অভিযোগপত্রে আসামি ১৩, 'কামরুল পলাতক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলায় গতকাল রোববার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। এতে অভিযুক্ত করা হয়েছে ১৩ জনকে। প্রধান আসামি করা হয়েছে ঘটনার মূল হোতা সৌদি আরবে আটক হওয়া কামরুল ইসলামকে। অভিযোগপত্রে তাঁকে পলাতক দেখানো হয়েছে।
ঘটনার এক মাস আট দিনের মাথায় গতকাল সন্ধ্যায় সিলেট মহানগর হাকিম আদালতে (এমএম-১) অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার। অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আজ সোমবার আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
তবে এই অভিযোগপত্রে সন্তুষ্ট নন বলে জানান সামিউলের বাবা শেখ মো. আজিজুর রহমান। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত আরও অন্তত তিনজনকে আসামি করা হয়নি। এ ছাড়া ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় পুলিশসহ যাঁরা জড়িত ছিলেন তাঁদের নামও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়নি।
তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ১৩ জনের মধ্যে ১০ জন গ্রেপ্তার আছেন, বাকি তিনজন পলাতক। সাক্ষী রাখা হয়েছে ৩৮ জনকে। একজন আসামির স্ত্রীসহ দুজনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
অভিযুক্ত ১৩ জন হচ্ছেন—পালিয়ে সৌদি আরব গিয়ে আটক হওয়া কামরুল ইসলাম, তাঁর বড় ভাই মুহিত আলম, আরেক ভাই আলী হায়দার ওরফে আলী, শামীম আহমদ, চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না, রুহুল আমিন, শামীম আহমদ, পাবেল ওরফে রাজু মিয়া, দুলাল আহমদ, তাজউদ্দিন আহমদ ওরফে বাদল, আয়াজ আলী, আজমত উল্লাহ ও নির্যাতনের ভিডিও চিত্র ধারণকারী নূর আহমদ ওরফে নূর মিয়া। এর মধ্যে কামরুল, শামীম ও পাবেল ওরফে রাজুকে অভিযোগপত্রে পলাতক দেখানো হয়েছে।
আসামিদের মধ্যে মুহিত, আলী হায়দার, চৌকিদার ময়না, নূর আহমদসহ প্রত্যক্ষদর্শী আটজন ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আসামি মুহিতের স্ত্রী লিপি বেগম, তাঁর ভাই ইসমাইল হোসেন ওরফে আবলুকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এ দুজন বর্তমানে কারাবন্দী। ‘...নির্যাতনে জড়িত থাকার প্রমাণ মেলেনি।’—এ কথা উল্লেখ করে মামলার আসামি থেকে এ দুজনকে অব্যাহতির সুপারিশ করা হয়।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সামিউলকে চুরির মিথ্যা অপবাদে নির্যাতন করা হয় এবং নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, সামিউলের শরীরে নির্যাতনের ৬৪টি চিহ্ন পাওয়া গেছে। ঘটনার প্রধান আলামত হিসেবে নির্যাতনের ভিডিও চিত্রের একটি কপি অভিযোগপত্রের সঙ্গে দাখিল করা হয়েছে।
আজ সোমবার মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র গ্রহণের শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানান সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ। তিনি প্রথম আলোকে বলেন, আদালতে অভিযোগপত্র গৃহীত হলে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। তখন দেশের বাইরে থাকা আসামি কামরুলকে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও জোরদার হবে। দেশে থাকা অন্য আসামিদের গ্রেপ্তারও দ্রুত হবে।
পলাতক কামরুলকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে জানিয়ে মামলার সমন্বয়কের দায়িত্ব পালনকারী সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ বলেন, তাঁকে ফিরিয়ে আনতে ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে।
গত ৮ জুলাই চুরির মিথ্যা অভিযোগ তুলে নির্যাতন করে হত্যা করা হয় সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের মাইক্রোবাসচালক শেখ মো. আজিজুর রহমানের ছেলে সবজিবিক্রেতা শিশু সামিউলকে। নির্যাতনের ঘটনাটি ঘটে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ডের শেখপাড়ায়। পরে লাশ গুম করার চেষ্টার সময় একজন ধরা পড়ে। এরপরও ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়।
সামিউলকে নির্যাতনের ভিডিও ধারণ করেছিলেন নির্যাতনকারীরাই। ঘটনার চার দিন পর গত ১২ জুলাই প্রথম আলোয় ‘নির্মম পৈশাচিক!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওচিত্রটি ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। দেশে-বিদেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একে একে জনতা ধরিয়ে দেয় সামিউল হত্যায় জড়িত ব্যক্তিদের। পালিয়ে সৌদি আরব গিয়ে প্রবাসীদের হাতে ধরা পড়েন ঘটনার মূল হোতা কামরুল ইসলাম।
আসামি কামরুলের দেশ ছেড়ে পালানোয় ঘটনার শুরুর দিকে গাফিলতির অভিযোগে গত ২৭ জুলাই সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার তৎকালীন ওসি-তদন্ত (পরিদর্শক) আলমগীর হোসেন, উপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
সন্তুষ্ট নন সামিউলের বাবা: আদালতে অভিযোগপত্র দাখিলের পর মুঠোফোনে জানতে চাইলে সামিউলের বাবা শেখ মো. আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শুনেছি ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে আমার আপত্তি আছে। ঘটনার সঙ্গে আরও অন্তত তিনজন জড়িত। তাদের আসামি করা হয়নি। এ ছাড়া মূল হোতা কামরুলকে দেশে ফিরিয়ে আনা হয়নি। এ কারণে এই অভিযোগপত্রের মাধ্যমে ন্যায়বিচার পাব কি না—তা নিয়ে উদ্বিগ্ন আছি।’
সামিউলের বাবা ক্ষোভের সঙ্গে বলেন, ‘ঘটনাটি শুরুর দিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। পুলিশের সঙ্গে যাঁরা ধামাচাপা দেওয়ার চেষ্টায় ছিল, তারাও সমান অপরাধী। আমি তাদেরও মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলাম। কিন্তু তা হয়নি। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আমি পরবর্তী ব্যবস্থা নেব।’