
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র গ্রহণের জন্য ১৪ মার্চ নতুন তারিখ ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বাদীর পক্ষে নারাজি আবেদনের জন্য সময় আবেদন করা হয়। ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তা মঞ্জুর করে নারাজি ও অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত বছরের ২৩ সেপ্টেম্বর অধিকতর তদন্ত শেষে সম্পূরক অভিযোগপত্র দেয়। গতকাল বাদীর উপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। তবে গতকাল সিআইডির সম্পূরক অভিযোগপত্রের ওপর নারাজি দেবেন বলে বাদীপক্ষে সময় আবেদন করা হয়। আদালত ১৪ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেন।
আদালত সূত্র জানায়, সিআইডি অধিকতর তদন্ত শেষে আগের অভিযোগপত্রের ১১ জনসহ নতুন ৭ জনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেয়। ৯ জনকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।
২০১৪ সালের ১৫ এপ্রিল র্যা ব তদন্ত করে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ৯ জুন অভিযোগপত্র প্রত্যাখান করে নারাজি আবেদন করা হয়। ১৭ জুন আদালত অধিকতর তদন্তের আদেশ দেন।
২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশানে শপার্সওয়ার্ল্ড নামে একটি বিপণিবিতানের সামনে মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মিল্কির ভাই রাশেদুল হক খান বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেন।