অভিযোগপত্রে বিএনপির নেতাসহ ৩১ জনের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাটে পেট্রলবোমা হামলার মামলায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ ওরফে মানিকসহ ৩১ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গত রোববার বিকেলে চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এ টি এম আরিচুল হক এ অভিযোগপত্র দাখিল করেন।
এ বছরের ২৯ জানুয়ারি সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় পেট্রলবোমা হামলার আতঙ্কে ট্রাকচালকের সহকারী আবদুল মোতালেব (৩৫) লাফিয়ে পড়ে নিহত হন। ওই ঘটনায় মামলাটি করা হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযোগপত্রভুক্ত ৩১ জন আসামির মধ্যে শেখ ফরিদ আহমেদসহ ১৪ জনকে পলাতক আসামি দেখিয়ে তাঁদের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। অবশ্য জেলা বিএনপির ফরিদ আহমেদ অন্য একটি মামলায় বর্তমানে কারা তত্ত্বাবধানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগপত্রভুক্ত বাকি ১৭ জনকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে।