
ঢাকায় শিয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব আশুরা পালনের প্রধান কেন্দ্র হোসেনি দালানে জঙ্গিদের বোমা হামলার ঘটনায় করা মামলাটি আটকে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অভাবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুলিশ এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্ত শেষ করে আদালতে গত এপ্রিলে অভিযোগপত্র দেয়। তাতে ‘নব্য জেএমবি’র ১০ সদস্যকে আসামি করা হয়েছে। কিন্তু ছয় মাসেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিযোগপত্রের অনুমোদন আসেনি। ফলে মামলাটির বিচার শুরুর কাজ বিলম্বিত হচ্ছে। কারণ, আইন অনুযায়ী সন্ত্রাসবিরোধী আইনের মামলার অভিযোগপত্র আদালত আমলে নেওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের বাধ্যবাধ্যকতা আছে।
গত বছর পবিত্র আশুরার আগের রাতে (২৩ অক্টোবর গভীর রাত) তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনি দালানে বোমা হামলা হয়। এতে দুজন নিহত ও শতাধিক লোক আহত হন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, হোসেনি দালানে বোমা হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। মন্ত্রণালয়ের অনুমোদনপত্র এখনো আদালতে এসে পৌঁছায়নি। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া তা রেকর্ডে রাখা হয় না।
হোসেনি দালানে হামলার পর সেখান থেকে অবিস্ফোরিত দুটি বোমা (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস—আইইডি) উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরান ঢাকার চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। প্রথমে মামলাটি চকবাজার থানার পুলিশ এবং পরে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করে।
হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিত স্টেট) দায় স্বীকার করলেও মামলার তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এই ঘটনায় নব্য জেএমবির ১৩ জঙ্গির জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তাঁরা। তাঁদের মধ্যে তিনজন ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। বাকি ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আসামিরা সবাই গ্রেপ্তার আছেন। তাঁদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ডিবির উপকমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ প্রথম আলোকে বলেন, হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় চলতি বছরের ২০ এপ্রিল জেএমবির ১০ সদস্যের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। নিয়মানুযায়ী অভিযোগপত্র জমা দেওয়ার আগেই অনুমোদন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। বিষয়টি আদালতকেও জানানো হয়েছে।