ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গত বছরের ২৮ আগস্ট একরাম হত্যা মামলার ৫৬ আসামির বিরুদ্ধে বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তার এক বছরেরও বেশি সময় পর গতকাল মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হলো।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১৩ অক্টোবর ফেনীর মুখ্য বিচারিক হাকিম মশিউর রহমান খান মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করেন। গতকাল জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফি উল্যার আদালতে মামলাটি উপস্থাপন করা হয়। আদালত আগামী ১১ জানুয়ারি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহম্মদ বলেন, গতকাল আসামিপক্ষের আইনজীবীরা কয়েকজন আসামির জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।