অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ৩০ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাংলামোটর মোড়ে পেট্রলবোমা হামলায় পুলিশ সদস্য হত্যা মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য ৩০ জুলাই দিন ধার্য করেছেন আদালত। এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ জন নেতা-কর্মীর অব্যাহতি চেয়ে ও দলটির ছয়জন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
গতকাল এ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বাহাউদ্দীন ফারুকী গতকাল হাজির না থাকায় মহানগর হাকিম আমিনুল হক ৩০ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন।
গত ১৭ মে বিএনপির ছয় কর্মীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। এতে মির্জা ফখরুলসহ ২০ জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। মির্জা ফখরুল ছাড়া তাঁদের মধ্যে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমান উল্লাহ, বরকতউল্লা, সাইফুল আলম, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সফিকুল ইসলাম মাসুদ।
২০১৩ সালের ২৪ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লংমার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণার পর রাত ১১টা ২০ মিনিটে বাংলামোটর ট্রাফিক পুলিশ বক্সের অদূরে পুলিশের রিকুইজিশন করা বাসে পেট্রলবোমা ও হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসে আগুন ধরে গেলে ট্রাফিক কনস্টেবল ফেরদৌস খলিল মারা যান। কনস্টেবল ফাইজুল ইসলাম ও বাসচালক মো. বায়েজিদ মারাত্মক দগ্ধ হন। এ ঘটনায় ২০১৩ সালের ২৫ ডিসেম্বর রমনা থানার পুলিশ এ মামলা করে।