পেট্রলবোমা মেরে যাত্রী হত্যার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র গ্রহণ করা হবে কি না, এ বিষয়ে ২৭ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বুধবার এ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবীরা শুনানির সময় চেয়ে আবেদন জানান। মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তা মঞ্জুর করে ২৭ ফেব্রুয়ারি পরিবর্তী তারিখ ধার্য করেন। খালেদা জিয়াকে এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে। তিনি এ মামলায় জামিনে আছেন।
২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা ছোড়া হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নূর আলম নামের এক যাত্রী চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই বছরের ১ ফেব্রুয়ারি মারা যান। পরদিন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানা-পুলিশ এ মামলা করে। মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে ২০১৫ সালের ৩ এপ্রিল খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি নেতা এম কে আনোয়ার, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, বরকত উল্লা, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান ও হাবিব উন নবী।