
বরগুনার তালতলী উপজেলায় আলোচিত শিশু রবিউল হত্যা মামলায় অভিযোগপত্রের বিরুদ্ধে রবিউলের বাবার দেওয়া নারাজি আবেদনের শুনানি আগামী রোববার পুনর্নির্ধারণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার আমতলী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গতকাল দুপুরে আদালতে মামলার প্রধান আসামি মিরাজের উপস্থিতিতে শুনানি শুরু হয়। এ সময় বাদীপক্ষের আইনজীবী হরিহর চন্দ্র দাস বলেন, ২৩ আগস্ট পুলিশ অভিযোগপত্র দিলেও বাদীপক্ষ এখনো অভিযোগপত্রের অনুলিপি হাতে পায়নি। এ জন্য আগামী রোববার শুনানির দিন ধার্য করার আবেদন করেন তিনি। বিচারক বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার শুনানির দিন ধার্য করেন।
তালতলীর ছোট আমখোলা গ্রামের দুলাল মৃধার ছেলে রবিউল (১১) গত ৩ আগস্ট রাতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরের দিন সন্ধ্যায় স্থানীয় লখনার খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৫ আগস্ট এলাকার দেলোয়ার খানের ছেলে মিরাজকে (২৫) আটক করে পুলিশ। ওই দিনই রবিউলের বাবা তালতলী থানায় মিরাজকে প্রধান আসামি এবং আরও তিন-চারজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
রবিউলের বাবা গতকাল প্রথম আলোকে বলেন, ‘অভিযোগপত্র দেওয়ার পর পাঁচ দিন হয়ে গেলেও অনুলিপি পাইনি।’