অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদনের বিষয়ে আদেশ ৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দাখিল করা অভিযোগপত্রের বিরুদ্ধে একটি মামলার বাদী নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের করা নারাজি আবেদনের শুনানি গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলাম আগামী ৮ জুলাই ওই আবেদনের বিষয়ে আদেশের দিন ধার্য করেন।
এর আগে আদালত ডিবি পুলিশের দাখিল করা অভিযোগপত্রের বিষয়ে অপর মামলার বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের কাছে জানতে চাইলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
শুনানি শুরুর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) সাবেক কর্মকর্তা অব্যাহতিপ্রাপ্ত লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লে. কমান্ডার এম এম রানাসহ মোট ৩২ জনকে আদালতে হাজির করা হয়।
হাজিরা শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে এজাহারভুক্ত সাত আসামির মধ্যে শুধু নূর হোসেনকে অভিযুক্ত করেছেন। অপর ছয় আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে করে মামলার তদন্তে গুরুতর অনিয়ম হয়েছে। তদন্তকারী কর্মকর্তা নিরপেক্ষতা হারিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ন্যায়বিচারের স্বার্থে মামলাটি পুনরায় তদন্তের জন্য সিআইডির কাছে আবেদন জানিয়েছি।’
অপর দিকে নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলার বাদী সেলিনা ইসলাম নারাজি আবেদনের বিষয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আসামিরা পরিকল্পিতভাবে ছয় কোটি টাকার বিনিময়ে র্যাবকে দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যারা এই হত্যাকাণ্ডের অর্থায়ন ও পরিকল্পনা করেছে, তাদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। অব্যাহতি দেওয়া এজাহারভুক্ত ছয় আসামিকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। সেলিনা ইসলাম বলেন, ‘আসামি ইকবাল ও আমিনুল ইসলাম রাজু কীভাবে এলাকায় ফিরে এসেছে? তারা এত বড় একটি হত্যাকাণ্ডের পর এলাকায় ফিরে এসে আমাদের হুমকি-ধমকি দেয়।’
অপর দিকে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় দায়ের করা মামলার বাদী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আদালতে ডিবি পুলিশের দাখিল করা অভিযোগপত্রের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আদালত তাঁর কাছ থেকে জানতে চান, ‘আপনি অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেবেন কি না।’ জবাবে বিজয় কুমার পাল জানান, ‘না।’
অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান বলেন, মামলার তদন্তে ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যাঁদের নাম এসেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁদের সবাইকে আসামি করেছেন। একটি মামলার বাদী রাজনৈতিক উদ্দেশ্যে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নারাজি আবেদন করেছেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, নিহত নজরুল ইসলাম যে দল করতেন, আসামি নূর হোসেনও একই দল করতেন। কাজেই রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ সত্য নয়।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর সাতজনের মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় সেলিনা ইসলাম ও বিজয় কুমার পাল বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। গত ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সেলিনা ইসলাম বিউটি গত ১১ মে আদালতে ওই অভিযোগপত্রের নারাজি আবেদন করেন।