অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিতে বাদীর সময়ের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল মালেক চৌধুরী ওরফে জনি হত্যা মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করতে সময় চেয়েছেন মামলার বাদী।
গতকাল সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলার বাদী এ আবেদন করেন। আদালত আগামী ৭ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।
গত ৪ জানুয়ারি চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় দক্ষিণ জেলা ছাত্রলীগের কার্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আবদুল মালেক চৌধুরীর ওপর হামলা চালানো হয়। চার দিন পর ৮ জানুয়ারি তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান। এ ঘটনায় ছাত্রলীগের নয়জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন নিহত ব্যক্তির ছোট ভাই আবদুল মাজেদ চৌধুরী।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক আমিনুর রশিদ তদন্ত শেষে গত ডিসেম্বরে ছাত্রলীগের আট নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গতকাল অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন ধার্য ছিল। এ অবস্থায় পাঁচ আসামিকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ায় এর বিরুদ্ধে নারাজি আবেদন করতে সময় আবেদন করা হয়।
আবদুল মাজেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, মো. ফারুক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক। তাঁকে বাদ দিয়ে আবদুল মালেককে আহ্বায়ক করা হয়। এ ঘটনার জের ধরে মো. ফারুকের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটতে পারে। অথচ পুলিশ তাঁর নাম বাদ দিয়েছে। এ ছাড়া দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু জাহেদ (বহিষ্কৃত) ও ফরহাদুল আলম, সদস্য মনির উদ্দিন ও মো. নোমানের নাম বাদ দেওয়া হয়। তাই এ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করা হবে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগপত্রে আটজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সদস্য আবু সাদাত মো. সায়েম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মহি, সদস্য মো. শামীম, কফিল উদ্দিন, আসাদ আল ফরহাদ, দেলোয়ার হোসেন, রমিজ উদ্দিন ও মো. কামরুজ্জামান।
আলোচিত মামলাটি প্রথমে নগরের কোতোয়ালি থানার পুলিশ তদন্ত করে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ২০১৩ সালের ৮ মে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। তদন্ত শেষে গত ফেব্রুয়ারিতে সিআইডির পরিদর্শক সাইফুল ইসলাম ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এই অভিযোগপত্রের বিরুদ্ধে বাদী নারাজি দিলে আদালত পুনঃ তদন্তের নির্দেশ দেন।
এদিকে ঘটনার পর আবু সাদত মো. সায়েম, মহিউদ্দিন মহি ও আবু জাহেদকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।