চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে তাণ্ডবের ঘটনায় হওয়া হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়ে অধিকতর তদন্তের আবেদন করেছেন একটি মামলার বাদী। গতকাল সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শর্মিলা রায়ের আদালতে এ আবেদন করেন বাদী জামাল পাশা শওকত। আদালত আগামী ৮ আগস্ট নারাজি আবেদন শুনানির দিন ধার্য করেছেন।
গত বছরের ১১ এপ্রিল ভুজপুরে তাণ্ডবের সময় পিটিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে। এ ছাড়া তাঁদের গাড়িবহরে থাকা দেড় শতাধিক মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেট কার, তিনটি পিকআপ ও চারটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আহত হন দলের শতাধিক নেতা-কর্মী।
এ ঘটনায় নিহত তিন ব্যক্তির পরিবার, থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষে পাঁচটি মামলা দায়ের করা হয়। এতে আসামি করা হয় ১৬ হাজার ৪৭১ জনকে। এর মধ্যে ৪৭১ জনের নাম উল্লেখ করে অন্যদের অজ্ঞাতনামা আসামি দেখানো হয়।
গত ১১ জুন ভুজপুর থানার পুলিশ তিনটি হত্যা মামলায় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর মধ্যে রুবেল হত্যা মামলায় তাঁর মামা জামাল পাশা শওকত গতকাল আদালতে নারাজি আবেদন করেন।
জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে জানান, ভুজপুর থানার একটি হত্যা মামলায় নারাজি দিয়ে অধিকতর তদন্তের আবেদন করেছেন বাদী।