মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের পলাতক হাসান আলীর বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠন করেছেন।
হাসান আলীর বিরুদ্ধে দাখিল করা রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগে অনেক ভুল থাকায় ট্রাইব্যুনাল গতকাল অসন্তোষ প্রকাশ করেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল পলাতক হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। আদেশের আগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী কৌঁসুলি আবুল কালামের কাছে ট্রাইব্যুনাল জানতে চান, তাঁর কিছু বলার আছে কি না। এর পরিপ্রেক্ষিতে হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আরজি জানান আবুল কালাম।
ট্রাইব্যুনাল বলেন, ‘আপনারা যে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দিয়েছেন তার এক জায়গায় লেখা, হাসান আলী পূর্বপাড়ায় আক্রমণ করেন, আরেক জায়গায় লেখা পালপাড়া। আমরা কোন পাড়ায় থাকব?’ জবাবে আবুল কালাম বলেন, পালপাড়া।
গত ২৯ জুন হাসান আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। এ উপলক্ষে ওই দিন তদন্ত সংস্থায় আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, একাত্তরের ২৭ এপ্রিল কিশোরগঞ্জের তাড়াইল থানার সাচাইল পূর্বপাড়া গ্রামের লুণ্ঠন ও অগ্নিসংযোগের সঙ্গে হাসান আলী জড়িত ছিলেন।
ট্রাইব্যুনাল বলেন, ‘এমন আরও অনেক ভুল আছে। এগুলো আমরা সবার সামনে বলতে চাচ্ছি না।’ একটি অভিযোগ উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেন, এক জায়গায় লেখা হয়েছে দুই ভরি স্বর্ণ ও ২৪ হাজার টাকা লুট করা হয়, আরেক জায়গায় লেখা ২০ ভরি স্বর্ণ ও ২৫ হাজার টাকা লুট হয়। দুইয়ের পরে ভুল করে একটা শূন্য বসে ২০ হতে পারে, কিন্তু ২৪ হাজার কীভাবে ভুল করে ২৫ হাজার হয়?
ট্রাইব্যুনাল বলেন, ‘জনাব আবুল কালাম, আইন পেশা এত সহজ নয়। যদিও এটা মহান পেশা।’
পরে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশ দেন। ট্রাইব্যুনাল হাসান আলীর বিরুদ্ধে গঠন করা ছয়টি অভিযোগ পড়ে শোনান। রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়।
এর আগেও প্রস্তুতি না নিয়ে শুনানি করায় এই ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী ও আবুল কালামের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া গতকাল ট্রাইব্যুনাল-২ জামায়াত নেতা মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনকালে কৌঁসুলিদের যথাযথ প্রস্তুতি না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। ট্রাইব্যুনাল-২ বলেন, রাষ্ট্রপক্ষ প্রথমবারের মতো অভিযোগ পড়ছে যুক্তি উপস্থাপন করতে এসে। এটা হতে পারে না।
তদন্ত সংস্থা জানায়, হাসান আলীর বাবা সৈয়দ মোসলেম উদ্দিন একাত্তরে পূর্ব পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ মহকুমা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। বাবার মুক্তিযুদ্ধবিরোধী আদর্শে উদ্বুদ্ধ হয়ে হাসান আলী রাজাকার বাহিনীতে যোগ দেন এবং তাড়াইল থানার রাজাকার কমান্ডার হিসেবে নিয়োগ পান। গত ৩ এপ্রিল তাঁকে গ্রেপ্তারের জন্য ট্রাইব্যুনাল পরোয়ানা জারি করলেও তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ছয় অভিযোগ: প্রথম অভিযোগ, একাত্তরের ২৭ এপ্রিল তাড়াইল থানার সাচাইল পূর্বপাড়া গ্রামের হাসান আহমদ ওরফে হাচু ব্যাপারীর সাতটি ঘর লুট করে আগুনে পুড়িয়ে দেন হাসান আলী, সহযোগী রাজাকার ও পাকিস্তানি সেনারা। পরে হাচু ব্যাপারীকে গুলি করে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগ, ২৩ আগস্ট হাসান আলী, রাজাকার ও পাকিস্তানি সেনারা কোনাভাওয়াল গ্রামের তফাজ্জল হোসেন ভূঁইয়াকে হত্যা করে দুটি ঘর লুট ও দুজনকে অপহরণ করে। তৃতীয় অভিযোগ, ৯ সেপ্টেম্বর হাসান আলী, রাজাকার ও পাকিস্তানি সেনারা শিমুলহাটি গ্রামের পালপাড়ার অক্রুর পালসহ ১০ জনকে হত্যা করে ঘরবাড়িতে আগুন দেয়। চতুর্থ অভিযোগ, ২৭ সেপ্টেম্বর বড়গাঁও গ্রামের মরকান বিলে বেলংকা রোডে সতীশ ঘোষসহ আটজনকে হত্যা করে হাসান আলী ও সহযোগী রাজাকাররা। পঞ্চম অভিযোগ, ৮ অক্টোবর হাসান আলী, রাজাকার ও পাকিস্তানি সেনারা আড়াইউড়া গ্রামের কামিনী কুমার ঘোষ ও জীবন ঠাকুরকে হত্যা করে ঘরবাড়ি লুট করে। ষষ্ঠ অভিযোগ, ১১ ডিসেম্বর হাসান আলী ৩০-৪০ জন রাজাকার ও পাকিস্তানি সেনা নিয়ে সাচাইল গ্রামের শতাধিক ঘরে অগ্নিসংযোগ করে এবং গ্রামের আবদুর রশিদকে হত্যা করে।