অভিযোগের সঙ্গে ইউজিসির কারও সংশ্লিষ্টতা মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতি নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে, এর সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তা-কর্মচারীদের কোনো সংশ্লিষ্টতা পায়নি এ-সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটি।
একই সঙ্গে কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় ইউজিসির অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় শাখা) ফেরদৌস জামানকে ঘুষ দেওয়ার যে অভিযোগ দিয়েছিল সেটিরও কোনো প্রমাণ পায়নি এ বিষয়ে করা আরেকটি কমিটি। এ জন্য ফেরদৌস জামানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
দুটি কমিটির প্রতিবেদন গতকাল রোববার ইউজিসির বিশেষ সভায় উত্থাপন করার পর এই সিদ্ধান্ত হয়। ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ৩০ জুন টিআইবি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতি নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন থেকে শুরু করে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া পর্যন্ত পদে পদে অনিয়ম হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নুরুন্নবীকে প্রধান করে একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে ইউজিসি। এ ছাড়া ইউজিসির সদস্য আতফুল হাই শিবলীকে প্রধান করে ফেরদৌস জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য আরেকটি কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য অনুসন্ধান কমিটি অভিযোগ তদন্তে ইউজিসির ক্ষমতায়ন এবং প্রশাসনিক গতিশীলতা আনার জন্য পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে।