অভিযোগের সত্যতা পেল তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জের লোহানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য দুই শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। গতকাল রোববার সকালে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহেদুল হকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি সরেজমিনে গিয়ে ওই তদন্ত করেন।

গত ২৪ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘তাঁরা খোশগল্প করেন, ক্লাস নেন ভাড়াটে শিক্ষকেরা’ শিরোনামে প্রকাশিত সংবাদের সূত্র ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদের নির্দেশে গত বৃহস্পতিবার ঘটনা তদন্তে ওই কমিটি করা হয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একটি সূত্রে জানা গেছে, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর থেকে ভাড়াটে শিক্ষকদের বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। তাই তাঁরা আর ক্লাস নিচ্ছেন না। গতকাল ওই তদন্ত কমিটিও বিদ্যালয়ে গিয়ে ভাড়াটে শিক্ষকদের পায়নি বলে জানিয়েছেন কমিটির প্রধান শাহেদুল হক। তবে ভাড়াটে শিক্ষক রাখার কথা কমিটির কাছে স্বীকার করেছেন প্রধান শিক্ষিকা।

সহকারী শিক্ষা কর্মকর্তা শাহেদুল হক বলেন, তদন্তে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়া গেছে। দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন ইউএনওর কার্যালয়ে জমা দেওয়া হবে।

ইউএনও ইসতিয়াক আহমেদ বলেন, তদন্ত প্রতিবেদনে সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।