হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের তহবিল তছরুপের অভিযোগের সত্যতা পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত দল। এরপরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজে স্নাতক, সম্মান ও স্নাতকোত্তর মিলিয়ে শিক্ষার্থী রয়েছেন প্রায় ১৭ হাজার। ২০০৯ সালের ২ এপ্রিল থেকে গত বছরের ৬ এপ্রিল পর্যন্ত বিজিত কুমার ভট্টাচার্য কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি সিলেট সরকারি মহিলা কলেজে বদলি হন গত বছরের ৬ এপ্রিল। তাঁর স্থলাভিষিক্ত হন মো. বদরুজ্জামান চৌধুরী। নতুন অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পর কলেজের অভ্যন্তরীণ ৩১টি খাত ও খাতগুলোর বিপরীতে ২৬টি ব্যাংক হিসাবের (সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখায়) অভ্যন্তরীণ অডিট (নিরীক্ষা) করান। তাতে আর্থিক অনিয়ম পাওয়া যায়।
কলেজের অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি ২০১৪ সালের ১ জুলাই থেকে গত বছরের ৬ এপ্রিল পর্যন্ত ১০ মাসের হিসাব নিরীক্ষা করে। তাতে উল্লেখ করা হয়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছ থেকে ৩১টি খাতে ২ কোটি ৯৪ লাখ ২৬ হাজার ১৮১ টাকা আদায় করা হয়। কিন্তু ব্যাংকে জমা ছিল ১১ লাখ ১২ হাজার ৮১৩ টাকা। ওই সময়ের মধ্যে ১ কোটি ৬৫ লাখ ১২ হাজার ৯৫৭ টাকার লেনদেন হয়। এর মধ্যে ১ কোটি ১৮ লাখ ৪১১ টাকা ব্যাংক হিসাবে স্থিতি থাকার কথা থাকলেও তা ছিল না।
কমিটির প্রতিবেদনে বলা হয়, বিবিধ তহবিল, আইসিটি তহবিল, রেড ক্রিসেন্ট তহবিল, ব্যবস্থাপনা তহবিল এবং অধিভুক্ত/বিশ্ববিদ্যালয় খাতে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও ব্যাংকে এ-সংক্রান্ত কোনো হিসাব খোলা হয়নি। এ টাকার কোনো হিসাব নেই।
৩১টি খাতের মধ্যে সবগুলো খাতেই কোনো না কোনো অনিয়ম হয়েছে বলে মনে করে নিরীক্ষা কমিটি। কমিটি ১ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৪১১ টাকার হদিস পায়নি। গত বছরের ৮ জুন নিরীক্ষা প্রতিবেদন অধ্যক্ষের কাছে জমা দেয় কমিটি।
পরে বিষয়টি অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে জানান। এ বিষয়ে গত ৮ জুলাই প্রথম আলোয় ‘বৃন্দাবন সরকারি কলেজ তহবিল, সোয়া কোটি টাকার হদিস নেই’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক রসময় কীর্ত্তনীয়া, শিক্ষা পরিদর্শক এ এইচ এম জাহাঙ্গীর আলম এবং সহকারী শিক্ষা পরিদর্শক রাকিবুল হাসানের সমন্বয়ে তিন সদস্যের তদন্ত দল গঠন করে। তদন্ত দল গত বছরের ৯ আগস্ট কলেজ পরিদর্শন করে এবং অভিযোগগুলো খতিয়ে দেখে। তদন্তের প্রায় চার মাস পর দলটি গত ৩ ডিসেম্বর এ বিষয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়।
ওই প্রতিবেদনে বলা হয়, বিজিত ভট্টাচার্য বর্তমান অধ্যক্ষকে আর্থিক দায়দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার অভিযোগ প্রমাণিত। আদায় করা সব টাকা ব্যাংকে জমা না করা, আয়- ব্যয়ের হিসাবে গরমিল, প্রাথমিকভাবে ১ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৪১১ টাকা ব্যাংকে জমা না দেওয়ার অভিযোগও সঠিক। বিজিত ভট্টাচার্য বিধি পরিপন্থীভাবে কলেজের টাকা ব্যয় করতেন এবং ক্যাশিয়ার বাবুলের ওপর তাঁর অত্যধিক নির্ভরশীলতা ছিল। তিনি কলেজের দৈনন্দিন আদায়, আদায় করা টাকা ব্যাংকে জমা, ক্যাশবই, আয়-ব্যয়ের হিসাব তদারকি করতেন না। এ ছাড়া অধ্যক্ষ খাতবহির্ভূত টাকা আদায় করে তাঁর বাসার বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল পরিশোধ করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. মফিজ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, তিনি গত ৮ ডিসেম্বর শিক্ষাসচিব বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অডিট ও আইন) আবদুল্লাহ আল হাসান চৌধুরী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
অভিযুক্ত অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য বলেন, তিনি প্রতারণার শিকার। কলেজের ক্যাশিয়ার বাবুল মিয়া এ সমস্যা তৈরি করেছেন।
ক্যাশিয়ার বাবুল মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ মো. বদরুজ্জামান চৌধুরী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের অনুলিপি তাঁরা পেয়েছেন। তাতে দুর্নীতির অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। পাশাপাশি একই বিষয়ে দুর্নীতি দমন কমিশনও (দুদক) তদন্ত করছে বলে জানান তিনি।