পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে সংযোগ প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বিতীয় দফা তদন্ত শেষ হয়েছে।
দুই সদস্যের তদন্ত দল গতকাল বৃহস্পতিবার পিজিসিএলের বাঘাবাড়ী ও বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের অভিযুক্ত সংযোগ এলাকা পরিদর্শন করেছেন। তদন্তে প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হয়েছে।
তদন্ত দলের প্রধান পেট্রোবাংলার পরিচালক (অর্থ) মাহবুবুন নাহার বলেন, অপর সদস্য পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (পরিকল্পনা) মো. ফরিদুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযুক্ত সংযোগের মধ্যে পাবনার বেড়া উপজেলার বন্ধু সিএনজি স্টেশনসহ সিরাজগঞ্জের বাঘাবাড়ী ও শাহজাদপুর এলাকার কয়েকটি আবাসিক সংযোগ পরিদর্শন করা হয়েছে। মিটার টেম্পারিং, জরিমানা আদায় না করা, পুনঃসংযোগ প্রদান এবং বাঘাবাড়ী কার্যালয়ের অধীনে নিয়মবহির্ভূতভাবে ২৫টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন এবং পুনঃসংযোগ দেওয়ার অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। বিষয়গুলো সম্পর্কে দায়িত্বরত ব্যবস্থাপকদের লিখিতভাবে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মাহবুবুন নাহার আরও বলেন, বগুড়ার অভিযুক্ত সংযোগগুলো পরিদর্শনের পর ঢাকায় ফিরে দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
সাবেক ব্যবস্থাপনা পরিচালকেরা দায়িত্ব পালনকালে অবৈধভাবে সংযোগ প্রদান ও সংযোগ বিচ্ছিন্ন করার পর জরিমানা না নিয়েই পুনঃসংযোগ প্রদান ইত্যাদি অভিযোগের বিষয়ে পেট্রোবাংলার পক্ষ থেকে দুটি তদন্ত দল গঠন করা হয়। গত জুন মাসের প্রথম সপ্তাহে তিন সদস্যের একটি দল তদন্ত সম্পন্ন করে। সর্বশেষ তদন্ত দল গতকাল তদন্ত সম্পন্ন করেছে। দুটি তদন্তেই প্রাথমিকভাবে অভিযোগগুলোর সত্যতা মিলেছে।