অভিযোগ আমলে নিয়েছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় অভিযোগ আমলে নিয়েছেন আদালত। ২৬ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ্ পার্কের (ভিক্টোরিয়া পার্ক) কাছে পথচারী বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। তদন্ত শেষে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চলতি বছরের ৫ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের ২১ জন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করে। আসামিদের মধ্যে সাতজন কারাগারে আটক ও বাকি ১৪ জন পলাতক রয়েছেন।

গতকাল এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। গতকাল আসামি এ এইচ এম কিবরিয়ার পক্ষে জামিনের আবেদন করা হয়। তবে শুনানি না করায় আদালত তা নাকচ করে দেন।

এ মামলার যে সাত আসামি কারাগারে রয়েছেন তাঁরা হলেন রফিকুল ইসলাম ওরফে শাকিল, মাহফুজুর রহমান ওরফে নাহিদ, এমদাদুল হক, জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন, এ এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া ও সাইফুল ইসলাম। পলাতক ১৪ জন হলেন রাজন তালুকদার, খন্দকার মো. ইউনুস আলী, আজিজুল হক, তারিক বিন জোহর, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, মীর মো. নূরে আলম, আল-আমিন শেখ, মনিরুল হক, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।

শাকিল, নাহিদ, এমদাদুল ও শাওন আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বিশ্বজিৎকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।