অভিযোগ আমলে নেওয়ার প্রশ্নে আদেশ ২৯ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের আটজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ২৯ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই আটজনের মধ্যে রয়েছেন একাত্তরে জামালপুরে আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসাইন ও ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহম্মেদ।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল মঙ্গলবার অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল। তিনি অভিযোগ আমলে নেওয়ার আরজি জানান। পরে ট্রাইব্যুনাল আদেশের জন্য দিন ধার্য করেন।
গত রোববার এই আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে রাষ্ট্রপক্ষ। এ আটজন হলেন: আশরাফ হোসাইন (৬৪), শরীফ আহম্মেদ ওরফে শরীফ হোসেন (৭১), মো. আবদুল মান্নান (৬৬), মো. আবদুল বারী (৬২), মো. হারুন (৫৮), মো. আবুল হাশেম (৬৫), শামসুল হক ওরফে বদর ভাই (৭৫) ও এস এম ইউসুফ আলী (৮৩)। এই আটজনের মধ্যে জামালপুর জেলা জামায়াতের সাবেক আমির শামসুল হক এবং জামায়াত নেতা ও সিংহজানি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইউসুফ আলী কারাগারে আছেন। তাঁরা সবাই একাত্তরে রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ এখনো তাঁদের খুঁজে পায়নি। তদন্ত সংস্থা ও রাষ্ট্রপক্ষ জানায়, এই মামলার প্রধান আসামি আশরাফ হোসাইন মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর জামালপুর মহকুমা কমান্ডার ছিলেন।