অভিযোগ করা বিএনপির স্বভাব: নাসিম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, যেকোনো ইস্যুতে অভিযোগ করা বিএনপির স্বভাব হয়ে গেছে। যেকোনো নির্বাচনের সময় তাঁরা অভিযোগ করে।
আজ শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধির বিষয়টি সতর্কভাবে দেখছে। আমাদের এমপি-মন্ত্রীরাও আচরণবিধি মেনে চলছে।’
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে অনেককে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনের পরে ওয়ার্ড কমিটি বসবে। তখন অভিযোগ প্রমাণিত হলে তাঁদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সাংসদ এনামুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার। অন্যান্যের মধ্যে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক সুকল্যাণ কুমার কুণ্ড, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ইউনাইটেড অ্যান্ড ইউনিহেলথ ম্যানুফ্যাকচার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক হোসাইন ও বেকন ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিমও এতে বক্তব্য দেন।