অভিযোগ করায় কার্ডই বাতিল
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলামের বিরুদ্ধে ছবি বদল করে ভিজিডি কার্ডধারী নারীদের চাল আত্মসাতের অভিযোগ করায় তিনজনের কার্ড বাতিল করা হয়েছে।
অভিযোগকারী তিন নারী হলেন চামরুল ইউনিয়নের চকসোহাগা গ্রামের রিমি বেগম, কাথোহালী গ্রামের ফাইমা বিবি ও ভালী গ্রামের সাজেদা বিবি। তাঁরা অভিযোগ করেন, ভিজিডি কার্ডে তাঁদের ছবি বদল করে অবস্থাসম্পন্ন পরিবারের নারীদের নামে কার্ড দিয়ে ওই চেয়ারম্যান চাল আত্মসাৎ করেছেন। তাঁর বিচার চাইতে যাওয়ায় উল্টো তাঁদের কার্ড বাতিল করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন বলেন, ‘প্রাথমিক তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরপর ইউএনও ওই চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেন। জবাবে ইউপি চেয়ারম্যান ছবি ওলট-পালটের কথা স্বীকারও করেছেন। এরপর ওই নারীদের ক্ষতি পুষিয়ে চাল দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি, তাঁরা শোনেননি।’
উপজেলা ভিজিডি কমিটির সভাপতি ও ইউএনও মামুনুর রশিদ জানান, ভিজিডি কার্ডে শতকরা ২০ ভাগ অনিয়ম না থাকলে চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেই ওই তিন নারীর কার্ড বাতিল করে নতুন দুস্থ নারীদের নামের তালিকা করার জন্য চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
বগুড়া জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) গোলাম কবির বলেন, চেয়ারম্যানদের যেকোনো অনিয়ম ইউএনও দেখবেন। ভিজিডি নিয়ে চেয়ারম্যান অনিয়ম করলে, তা ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
সিরাজুল ইসলামের বিরুদ্ধে দুস্থ নারীদের ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম ও ছবি বদল করে চাল আত্মসাতের অভিযোগের বিষয়ে গত ১২ এপ্রিল ও ২৪ মে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ইউএনও বিষয়টি তদন্তের জন্য উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেন। পরে ইউএনও ওই চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশও দেন। কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ওই সব দুস্থ নারী জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।
এরপর জেলার স্থানীয় সরকার শাখার উপপরিচালক বিষয়টি তদন্তের জন্য ইউএনওকে দায়িত্ব দেন।