অভিযোগ গঠন নয়বার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ আবার পিছিয়েছে। অসুস্থতার কারণে এক আসামিকে হাজির করতে না পারায় আদালত গতকাল রোববার এ সিদ্ধান্ত নেন। নতুন দিন ধার্য হয়েছে ১৩ সেপ্টেম্বর।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের আদালতে মামলার কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জের (সাময়িক বরখাস্ত) পৌর মেয়র জি কে গউছ, হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি মুফতি হান্নানসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। কিন্তু অসুস্থতার কারণে আসামি সিলেট সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরীকে হাজির করা যায়নি।
আদালতে আরিফুলের পক্ষের আইনজীবীরা জানান, মেরুদণ্ডের হাড়ের সমস্যা ও এক দফা হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় আরিফুল এখন গুরুতর অসুস্থ। দীর্ঘ সময় কোথাও যাতায়াত করা আরিফুলের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা।
সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি ও সরকারপক্ষের আইনজীবী কিশোর কুমার কর প্রথম আলোকে বলেন, আসামি আরিফুলকে হাজির করতে না পারায় আদালত অভিযোগ গঠন পিছিয়ে দিয়েছেন।
আদালত এ মামলার অভিযোগ গঠনের প্রথম দিন ধার্য করেছিলেন গত ২১ জুন। এ ছাড়া গত ৬, ১৪ ও ২৩ জুলাই এবং ৩, ১০, ১৮ ও ২৫ আগস্ট একে একে অভিযোগ গঠনের দিন ধার্য হয়। তবে শেষ পর্যন্ত প্রতিবারই তা পিছিয়ে যায়।