ফৌজদারি আইন বিশেষজ্ঞ আনিসুল হক বলেছেন, ‘আমরা যাঁরা বাঙালি, তাঁরা প্রত্যেকেই যুদ্ধাপরাধীদের বিচার চাই। আমরা কেউ যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চাই না।’ গত সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজ চেম্বারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।আনিসুল হক বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১১(৫) ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল অভিযোগ গঠন না করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন না। জানা মতে, ট্রাইব্যুনাল এখন পর্যন্ত কোনো আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেননি।গত ২৬ জুলাই ট্রাইব্যুনাল জামায়াতের চার শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আনিসুল হক বলেন, ‘আমি আইনের বাইরে কিছু বলতে চাই না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি যদি পড়ি, তাহলে দেখতে পাই, ট্রাইব্যুনাল যখন অভিযোগ গঠন করবেন, তখনই পরোয়ানা জারি করতে পারবেন। বিধি তৈরি করা হয়েছে। বিধিতে অভিযোগের সংজ্ঞা দেওয়া আছে। তবে মূল আইনের বাইরে গিয়ে কোনো বিধি তৈরি করা যাবে না।’