অভিযোগ গঠন পুনর্বিবেচনার আদেশ ১৪ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইস-লামীর সহকারী সেক্রেটারি জেনা-রেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ) ওপর আদেশের জন্য ১৪ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল রোববার এ দিন ধার্য করা হয়।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল পুনর্বিবেচনার আবেদনের ওপর যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। তিনি বলেন, অভিযোগের কোথাও আসামিকে আলবদরের নেতা হিসেবে দেখানো হয়নি। কিন্তু ট্রাইব্যুনাল আলবদরের নেতা হিসেবে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, মামলার বিভিন্ন নথি ও তথ্য-উপাত্ত এবং সাক্ষীদের জবানবন্দিতে দেখা গেছে, আসামি আলবদরের নেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে থাকা অবস্থায় তাঁর নেতৃত্বে আলবদর বাহিনী গঠিত হওয়ার তথ্য পাওয়া গেছে। আলবদরের অভিযোগ আনা মানেই তিনি আলবদর নন। এটা প্রমাণের দায়িত্ব রাষ্ট্রপক্ষের।আবদুর রাজ্জাক বলেন, আসামির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একই সঙ্গে হত্যায় নেতৃত্বদান ও এতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। কিন্তু এটি হতে পারে না। তাঁকে হয় প্রধান হিসেবে অভিযুক্ত করতে হবে অথবা এককভাবে অভিযুক্ত করতে হবে। একই ব্যক্তি একই ঘটনায় দুবার জড়িত থাকতে পারেন না।কাদের মোল্লার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর মধ্যে মিরপুরের বাঙলা কলেজের ছাত্র পল্লব ও কবি মেহেরুননেসা হত্যার অভিযোগ প্রসঙ্গে আবদুর রাজ্জাক বলেন, অভিযোগে তাঁদের হত্যাকে মানবতাবিরোধী অপরাধ দেখানো হয়েছে, কিন্তু শুধু হত্যা মানবতাবিরোধী অপরাধ হতে পারে না।আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী পাল্টা যুক্তি দেন। তিনি বলেন, আনুষ্ঠানিক অভিযোগে আসামিকে আলবদরের নেতা হিসেবে দেখানো না হলেও উপস্থাপন করা বিভিন্ন নথিতে তাঁকে আলবদরের নেতা হিসেবে দেখানো হয়েছে। পল্লব ও মেহেরুননেসাকে হত্যার সময় একাধিক মানুষকে হত্যা করা হয়েছে। তাঁরা উভয়েই আওয়ামী লীগের সমর্থক ও স্বাধীনতার পক্ষের কর্মী ছিলেন। তাই এগুলো কেবল হত্যা নয়, মানবতাবিরোধী অপরাধও।রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন শেষে আসামিপক্ষের আইনজীবী ইমরান সিদ্দিক সংক্ষেপে এর বিপক্ষে যুক্তি দেন। পরে ট্রাইব্যুনাল আদেশের দিন ধার্য করেন।ট্রাইব্যুনাল গত ২৮ মে কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করেন।