জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা
অভিযোগ গঠন বাতিল চেয়ে খালেদার হাইকোর্টে আবেদন

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন (রিভিশন) করা হয়। ১৬ এপ্রিল বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ ব্যাপারে শুনানি হতে পারে।
খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, দুটি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। সেই সঙ্গে মামলা দুটির কার্যক্রম স্থগিত ও বিচারিক আদালতের নথি তলবের আরজি রয়েছে। বুধবার আবেদনের ওপর শুনানি হতে পারে।
গত ১৯ মার্চ এই দুই মামলায় খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়। একই সঙ্গে দুটি মামলায় ২১ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
আজ দুটি আবেদন দায়েরের বিষয়টি সাংবাদিকদের জানিয়ে মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, মামলা দুটিতে খালেদা জিয়ার সম্পৃক্ততা নেই। অভিযোগ গঠনে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আইন অনুযায়ী অভিযোগ গঠন করার বিষয়ে খালেদা জিয়া দোষী না নির্দোষ তা জিজ্ঞেস করা হয়নি। নিজ কক্ষে বসে আদালতের কর্মচারীর মাধ্যমে অভিযোগ গঠন করা হয়েছে বলে সবাইকে অবহিত করা হয়। এটা ফৌজদারি কার্যবিধির ২৪২ ধারার পরিপন্থী।