অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুবায়ের আহমেদ হত্যা
জুবায়ের আহমেদ হত্যা

জাহাঙ্গীরনগর বিশ্ব-বিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় এক আসামির অনু-পস্থিতির কারণে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছে। আদালত ৮ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন।
ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে গতকাল সোমবার এই মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মামলার এক আসামি রাশেদুল ইসলাম সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গতকাল তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। জামিনে থাকা অভিযোগপত্রভুক্ত অপর ১২ জন আসামি আদালতে হাজির ছিলেন। রাশেদুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র। বিচারক এ বি এম নিজামুল হক সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন।
গত ১৮ আগস্ট মামলাটি বিচারের জন্য ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে গৃহীত হয়। এর আগে মামলাটি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল।
গত বছরের ৮ এপ্রিল জুবায়ের হত্যা মামলায় একই বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা হলেন খন্দকার আশিকুল ইসলাম, খান মো. রইছ, জাহিদ হাসান, ইশতিয়াক মেহবুব, কামরুজ্জামান, শফিউল আলম, অভিনন্দন কুণ্ডু, মাহমুদুল হাসান, মাজহারুল ইসলাম, নাজমুল হুসেইন, মাহবুব আকরাম ও নাজমুল।
গত বছরের ৮ জানুয়ারি চতুর্থ বর্ষের ছাত্র জুবায়েরকে কুপিয়ে জখম করা হয়। পরদিন তিনি মারা যান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার হামিদুর রহমান আশুলিয়া থানায় এই মামলা করেন।