অভিযোগ গঠন ষষ্ঠ বারের মতো পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পঙ্গু ঝালকাঠির রাজাপুরের কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠনের জন্য ছয়বার তারিখ পড়লেও অভিযোগ গঠন সম্ভব হয়নি।গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে লিমন তাঁর মা হেনোয়ারা বেগমের সঙ্গে আইনজীবীদের নিয়ে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এ হাজির হন। পুলিশ এ মামলায় অন্য আসামি সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে না পারায় বিচারক মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী আগামী ২৯ মে অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করেন। অভিযোগ গঠনের জন্য এর আগে আরও পাঁচবার তারিখ ধার্য করেছিলেন আদালত।আদালতে হাজিরা শেষে লিমন হোসেন সাংবাদিকদের জানান, আগামী ১ এপ্রিল তাঁর এইচএসসি পরীক্ষা শুরু হবে। র‌্যাবের করা মিথ্যা মামলা কাঁধে নিয়ে কৃত্রিম পায়ে ভর করে আদালতে হাজিরা দিতে আসায় লেখাপড়ায় অনেক ক্ষতি হচ্ছে। লিমন তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। লিমনের আইনজীবী মানিক আচার্য সাংবাদিকদের বলেন, ‘অস্ত্র মামলার পর লিমন আদালতে নিয়মিত হাজিরা দিলেও সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারসহ সাত আসামিকে পুলিশ গত আট মাসেও গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ ওই আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন আদালতে জমা না দেওয়ায় গতকালও অভিযোগ গঠন সম্ভব হয়নি। তাই আমরা গ্রেপ্তারি পরোয়ানা তামিলের তাগিদ দিতে আদালতে আবেদন করেছি।’ গত বছরের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র‌্যাবের গুলিতে পা হারান কলেজছাত্র লিমন হোসেন। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে লিমনসহ আটজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে আরেকটি মামলা করে। গুলিবিদ্ধ হওয়ায় লিমন গত বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পারেননি।