অভিযোগ গঠন হবে কি না, আদেশ ১৮ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ১৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীর ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ দিন ধার্য করেন। কারাগারে আটক সুবহানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গতকাল সুবহানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আরজি জানান আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। শুনানিতে তিনি দাবি করেন, আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যেসব অভিযোগ এনেছে, তার কোনোটিতেই আইনগত শর্ত পূরণ করা হয়নি। যে এলাকায় তাঁর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, সে এলাকা থেকে তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যে আসামির বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। একাত্তরে শান্তি কমিটির চেয়ারম্যান উল্লেখ করে সুবহানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সঠিক নয়।
অভিযোগের বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগসহ গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। ১৯ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ২ অক্টোবর অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়।
গত বছরের ২০ সেপ্টেম্বর পাবনার একটি ফৌজদারি মামলায় সুবহানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। ওই বছরের ২৩ সেপ্টেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দেখানো হয়। ওই সময় থেকে তিনি কারাগারে আছেন।
তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে: একই ট্রাইব্যুনালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা শ্যামল চৌধুরীকে গতকালও জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। বিকেলে জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।