সিলেটের তারাপুর চা-বাগান জালিয়াতি করে দখল ও দেবোত্তর সম্পত্তির হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাগীব আলী ও তাঁর ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনের তারিখ পড়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর দুই মামলার শুনানি শেষে অভিযোগ গঠন হবে।
গতকাল মঙ্গলবার সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানারবিষয়টিউপস্থাপন করা হলে বিচারক মো. সাইফুজ্জামান হিরো অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেন। একই সঙ্গে জামিনে থাকা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তারাপুর চা-বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের জামিন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখার নির্দেশ দেন।
পঙ্কজ কুমার গুপ্তের জামিন বহাল ও অভিযোগ গঠনের তারিখ ধার্য করার বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান বলেন, ১৯ সেপ্টেম্বর মামলা দুটির অভিযোগ গঠন করে বিচার-প্রক্রিয়া শুরুর সম্ভাবনা রয়েছে।
২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর তারাপুর চা-বাগান জালিয়াতি করে দখল ও হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা হয়েছিল। গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা-বাগান পুনরুদ্ধারে দেওয়া রায়ে ওই দুই মামলা সক্রিয় করার নির্দেশ দেন। এরপর তদন্ত করে ১০ জুলাই সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এতে রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়।
চলতি মাসের ১০ তারিখে অভিযোগপত্র গ্রহণ করে ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা পেয়েই ওই দিন সন্ধ্যায় রাগীব আলী তাঁর ছেলেকে নিয়ে জকিগঞ্জ হয়ে ভারতে পালিয়ে যান।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয় আসামির মধ্যে তারাপুর চা-বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত ১৭ আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।