অভিযোগ গঠনের আদেশ ২৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের বিচার
মানবতাবিরোধী অপরাধের বিচার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ২৮ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন। এ সময় আজহার ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
গতকাল আজহারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগের বিষয়ে শুনানি করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। তিনি বলেন, রাষ্ট্রপক্ষের আনা অভিযোগের ওপর ভিত্তি করে আজহারকে অভিযুক্ত করা যায় না। শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য দিন ধার্য করেন।
আজহারুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের আরজি জানিয়ে অভিযোগের বিষয়ে শুনানি শেষ করে। এরপর ট্রাইব্যুনাল আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করেন। আজহারুলের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ছয়টি অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ।
চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে অভিযোগের শুনানি ৬ নভেম্বর: একই ট্রাইব্যুনাল গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্যসংবলিত অনুষ্ঠান প্রচার হওয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ শুনানির জন্য ৬ নভেম্বর দিন ধার্য করেন।
ট্রাইব্যুনাল ২৬ সেপ্টেম্বর এ বিষয়ে ব্যাখা চেয়ে আটজনকে নোটিশ দেন। তাঁরা হলেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, অনুষ্ঠান প্রধান, ‘মুক্তবাক’ নামক টক শোর প্রযোজক, ওই টক শোর সঞ্চালক মাহমুদুর রহমান মান্না এবং ওই টক শোর ১৮ সেপ্টেম্বর প্রচারিত পর্বের দুই আলোচক গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও সাংবাদিক মাহফুজউল্লাহ। তাঁদের মধ্যে জাফরুল্লাহ চৌধুরী ও মাহফুজউল্লাহকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তাঁদের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গতকাল ধার্য দিনে জাফরুল্লাহ চৌধুরী সশরীরে ও মাহফুজউল্লাহ এবং চ্যানেল টোয়েন্টিফোরের আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হয়ে সময়ের আবেদন জানালে ৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।