অভিযোগ গঠনের চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার বর্ণি গ্রামের মতিয়ার রহমান মোল্লা হত্যা মামলায় অভিযোগ গঠনের পর প্রায় চার বছরেও সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। ২০১১ সালের ১৪ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর থেকে সাক্ষ্য গ্রহণের তারিখ পড়ছে। মামলাটি গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।

এই মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী হলো নিহত মতিয়ার রহমানের মেয়ে মনিরা আকতার। সে অভিযোগ করেছে, আসামিরা তাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছে। এ কারণে সে আতঙ্কে দিন কাটাচ্ছে।
মামলায় অভিযোগ করা হয়, স্ত্রীর পরকীয়া ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ২০১০ সালের ১৯ এপ্রিল মতিয়ার রহমান মোল্লাকে তাঁর নিজ বাড়িতে হত্যা করা হয়। এ ঘটনায় মতিয়ারের বড় ভাই আতিয়ার রহমান টুঙ্গিপাড়া থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ২৩ আগস্ট মতিয়ারের স্ত্রী লাভলী খাতুন, লাভলীর বন্ধু নূর ইসলাম মোল্লা, নূর ইসলামের সহযোগী জাহিদুল ও লাভলীর ভাই লাবুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত ওই বছরের ১৪ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। কিন্তু এখনো এ মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি।
অভিযোগ গঠনের পর প্রায় চার বছরেও সাক্ষ্য না হওয়ার বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ জেলার সরকারি কৌঁসুলি আবদুল হালিম প্রথম আলোকে বলেন, মামলাটি চাঞ্চল্যকর। ২০১১ সালের ১৪ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং বাদীসহ পাঁচজন সাক্ষীকে সমন জারি করেন আদালত। তিনি বলেন, ‘সাক্ষ্য গ্রহণ শুরু না হওয়ার কারণ আমার জানা নেই। আসামিপক্ষ হয়তো বাদীপক্ষের সঙ্গে আপসের চেষ্টা করছে।’ তিনি মামলাটি দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নেবেন বলে জানান।
মামলার বাদী আতিয়ার রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, ‘মতিয়ার রহমান আমার ছোট ভাই। ২০১০ সালের ১৯ এপ্রিল তাকে হত্যা করা হয়। আসামিরা হাইকোর্ট থেকে জামিনে আছেন। আসামিরা বিভিন্ন অজুহাতে তারিখ ঘোরাচ্ছেন।’ তিনি অভিযোগ করেন, আসামিরা আপস-মীমাংসার কথা বলে বিভিন্নভাবে তাঁকে ভয়ভীতি দেখাচ্ছেন।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০১০ সালের ১৯ এপ্রিল মতিয়ার রহমানকে তাঁর স্ত্রী লাভলী বেগমের সহায়তায় নূরুল ইসলাম মোল্লা ও জাহিদুল শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনা দেখে ফেলে মতিয়ার রহমানের মেয়ে মনিরা।
মনিরা তার জবানবন্দিতে বলে, নূর ইসলাম, তার মামা লাবুল ও খালু জাহিদুল মিলে বাবাকে মেরেছে, এ কথা সে মাকে (লাভলী বেগম) জানায়। তখন মা তাকে চুপ থাকতে বলেন এবং হুমকি দেন। তার বাবার মৃত্যু নিশ্চিত হওয়ার পর মা স্বামী মারা গেছে বলে কান্না শুরু করেন এবং তাকে চুপ থাকতে বলেন।
মনিরা আকতার ২০১০ সালের ১৪ জুলাই আদালতে জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে বলে, ‘নূর ইসলাম, খালু জাহিদুল, মামা লাবুল ও মা—চারজনে মিলে মাদক ব্যবসা করতেন। তাঁরা বিভিন্ন সময় ফেনসিডিল এনে আমাদের বাড়িতে রাখতেন। বাবা সেগুলো ভেঙে ফেলেন। মা বাবাকে বলেন, “তুমি ফেনসিডিলের বোতল ভেঙে ফেলেছ, ওরা তোমাকে ভাঙবে।” মায়ের সহযোগিতায় বাবাকে হত্যা করা হয়।’