
আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ আবার পিছিয়েছে। গতকাল সোমবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ছিল। কিন্তু মামলার অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অন্য আদালতে হাজিরা থাকায় এবং সাময়িক বরখাস্ত হওয়া সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ থাকায় তাঁদের আদালতে হাজির করা হয়নি। এ কারণে ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান ১৪ জুলাই অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ধার্য করেন।
ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) কিশোর কুমার কর প্রথম আলোকে জানান, ১৪ জুলাই নতুন তারিখে সব আসামিকে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। ওই দিন শুনানি শেষে অভিযোগ গঠন হওয়ার কথা রয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। পরে এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্ত করে গত বছরের ১৩ নভেম্বর তৃতীয় পর্যায়ে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। এতে মেয়র আরিফুল, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ নয়জন নতুন করে অভিযুক্ত হন। গত বছরের ২৮ ও ২৯ ডিসেম্বর দুই মেয়র আদালতে আত্মসমর্পণ করলে দুজনকে কারাগারে পাঠানো হয়। ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এক আদেশে দুই মেয়রকে সাময়িক বরখাস্ত করে।