সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ (চার্জ) গঠনের তারিখ আবারও পিছিয়েছে। গতকাল সোমবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানির তারিখ ছিল। মামলার অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীসহ নয়জন আসামিকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠন হয়নি। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান ১০ আগস্ট অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেন।
আদালত সূত্র জানায়, এ নিয়ে অভিযোগ গঠনের তারিখ পঞ্চমবারের মতো পেছাল। এর আগে ২৩, ১৪ ও ৬ জুলাই এবং ২১ জুন আলোচিত এই মামলার অভিযোগ গঠনের তারিখ ছিল। গতকাল মামলার আসামি হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র জি কে গউস ছাড়াও হরকাতুল জিহাদের জঙ্গিসহ পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়েছিল।