জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ঢাকার বিশেষ জজ আদালত-৬ থেকে মামলাটি ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মওদুদ আহমদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে ও মামলাটি অন্য আদালতে বদলির নির্দেশনা চেয়ে তিনি পৃথক আবেদন করেন। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এই মামলায় গত ২১ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
আবেদনের পক্ষে মওদুদ আহমদ নিজে শুনানিতে অংশ নেন, সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে তিনি বলেন, ঢাকার বিশেষ জজ আদালত-৬ থেকে মামলাটি মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বদলির নির্দেশ দিয়ে হাইকোর্ট ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলেছেন। ওই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে করা অপর আবেদনটি সরাসরি খারিজ করেছেন আদালত। এখন বদল হওয়া আদালতে ওই মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই।
মামলা সূত্রে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় এই মামলা করে দুদক।