জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৮ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ দিন পুনর্নির্ধারণ করেন। গতকাল আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য প্রস্তুতির সময় চেয়ে মুলতবির আরজি জানান। তিনি বলেন, এ ছাড়া আসামিপক্ষকে দেওয়া মামলার নথিপত্রের বেশ কয়েকটি পৃষ্ঠা অস্পষ্ট।পরে ট্রাইব্যুনাল শুনানির জন্য দিন পুনর্নির্ধারণ করেন।রাষ্ট্রপক্ষ গত ১৬ মে মীর কাসেমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ এনে এই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ২৬ মে ট্রাইব্যুনাল মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। আনুষ্ঠানিক অভিযোগে মীর কাসেমের বিরুদ্ধে আটজনকে নির্যাতনের পর হত্যা ও লাশ গুম এবং ৩৪ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলী দিগন্ত মিডিয়া করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। নিজামীর বিরুদ্ধে মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৭ জুলাই: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী মো. শামসুল হককে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। ২০ জুন শামসুল হক জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৭ জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।