প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাসে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে ২৫ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার আদালত-২-এর বিচারক হারুন-অর-রশিদ এ দিন ধার্য করেন।
গতকাল এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির ধার্য দিনে বিএনপির নেতা মির্জা আব্বাস, আমানউল্লাহ, নাজিম উদ্দিনসহ ছয়জন হাজির ছিলেন। মির্জা ফখরুলসহ বাকি আসামিদের পক্ষে সময়ের আবেদন করা হয়।
আইনজীবীরা আদালতে বলেন, এর আগে এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। কিন্তু এখতিয়ারাধীন না হওয়ায় উচ্চ আদালত নতুন করে অভিযোগ গঠনের আদেশ দেন।
শুনানি শেষে আদালত আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
বিএনপির ডাকা হরতালের আগের দিন ২০১২ সালের ২৯ এপ্রিল রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাসে অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানায় এ মামলা করা হয়। ওই বছরের ৩১ জুলাই মির্জা ফখরুলসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।