ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম রাকিবুল হায়দারকে মারধরের ঘটনায় করা মামলার অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সোমবার মামলার অভিযোগ গঠনের শুনানির দিনে অভিযোগপত্রভুক্ত আসামিরা অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য আদালতে আবেদন করেন। পরে ফেনীর দ্রুত বিচার আদালতের বিচারক মো. সিরাজ উদ্দিন ইকবাল ২২ জুন মামলার পরবর্তী দিন ধার্য করেন।
মামলার অভিযোগপত্রভুক্ত আটজন আসামি গতকাল আদালতে হাজির ছিলেন। আসামিদের মধ্যে একজন জামিনে আছেন।
সহকারী সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আল আজাদ বলেন, মামলার অভিযোগ গঠন ও আসামিদের অব্যাহতি পাওয়ার আবেদনের শুনানির জন্য ২২ জুন পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
গত ৬ মে পরশুরামের ধনিকুন্ডা রাস্তার মাথা এলাকায় ইউএনওকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এ ঘটনায় ইউএনওর গাড়িচালক আবুল কাশেম দ্রুত বিচার আইনে পরশুরাম থানায় মামলা করেন।
গত ১৬ মে মামলার তদন্ত কর্মকর্তা পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী আসামি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাশার মজুমদার, চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন ও পরশুরাম পৌরসভার কাউন্সিলর আবদুল মান্নানসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল করিম ফারুক বলেন, এর আগে ৬ জুন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু একজন আসামি আদালতে অনুপস্থিত থাকায় ওই দিন শুনানি হয়নি।